বলিউড মাফিয়া নিয়ে কী জানালেন তনুশ্রী?
ছবি: সংগৃহীত
০৭:৩৭ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
২০০৫ সালে মুক্তি পাওয়া আশিক বনায়া আপনে ছবির সাফল্যের পরই আলোচনায় উঠে আসেন তনুশ্রী দত্ত। ইমরান হাসমির সঙ্গে তাঁর রোম্যান্স সেই সময় দর্শকমনে আলাদা জায়গা করে নেয়। কিন্তু এরপর কয়েকটি কাজ করেও ধীরে ধীরে বলিউড থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই নিজের অন্তর্ধানের পেছনে ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের অভিযোগ তুলে আসছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও সরব হয়েছেন তনুশ্রী। তাঁর বক্তব্যে উঠে এসেছে বলিউডের তথাকথিত ‘মাফিয়া সংস্কৃতি’ এবং সেই প্রভাবশালী গোষ্ঠীর অদৃশ্য নিয়ন্ত্রণের কথা। এই প্রসঙ্গ টানতেই তিনি উল্লেখ করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অভিনেত্রী জিয়া খানর নাম। তনুশ্রীর দাবি, এই দুই শিল্পীর অকালমৃত্যুর নেপথ্যেও থাকতে পারে সেই প্রভাবশালী বলয়ের ছায়া।
তাঁর কথায়, সুশান্ত ও জিয়া- দুজনেই জীবনের শেষ সময়ে ভয়াবহ মানসিক চাপে ছিলেন। বাইরে থেকে চাকচিক্য থাকলেও ভিতরে জমছিল অস্থিরতা, যা কখনও প্রকাশ্যে আসেনি। তনুশ্রী মনে করেন, এই ধরনের ঘটনা বলিউডের অন্দরমহলে নতুন নয়; বরং অনেক সত্যই চাপা পড়ে যায় সময়ের আড়ালে। তাঁর বিশ্বাস, এমন প্রতিভাবান শিল্পীরা হঠাৎ করে জীবন শেষ করার সিদ্ধান্ত নেন না, বরং তাঁদের এমন এক চরম অবস্থায় ঠেলে দেওয়া হয় যেখানে আর কোনো পথ খোলা থাকে না।

বলিউডের ক্ষমতার কাঠামো নিয়েও সরব হয়েছেন তনুশ্রী। তাঁর অভিযোগ, যারা প্রভাবশালী গোষ্ঠীর নিয়ম মেনে চলে না বা তাঁদের ইশারায় কাজ করে না, তাদেরই সবচেয়ে বেশি বাধার মুখে পড়তে হয়। ধীরে ধীরে তাদের কাজের সুযোগ কমিয়ে দেওয়া হয়, তৈরি করা হয় মানসিক চাপ, এমনকি ‘বহিরাগত’ তকমা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও চলে।
তনুশ্রীর এই বিস্ফোরক মন্তব্য আবারও প্রশ্ন তুলেছে বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে। যদিও তাঁর দাবির পক্ষে নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি, তবুও সুশান্ত ও জিয়ার মৃত্যু ঘিরে পুরনো বিতর্কে নতুন করে আগুন জ্বালাল এই বক্তব্য।
এসএ/এসএন