© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানালির সঙ্গে প্রথম জুটি, উচ্ছ্বসিত সব্যসাচী

শেয়ার করুন:
মানালির সঙ্গে প্রথম জুটি, উচ্ছ্বসিত সব্যসাচী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ এএম | ২৪ এপ্রিল, ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও ছোটপর্দায় ফিরলেন সব্যসাচী চৌধুরী। নতুন ধারাবাহিক সংসারের সংকীর্তন-এ তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে, নতুন এক চরিত্রে। এই কাহিনিতে তাঁর সঙ্গী মানালি দে, যার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তিনি। পর্দায় এই নতুন জুটির রসায়ন নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকের আগ্রহ।

অভিনয়ের বাইরেও সব্যসাচীর জীবন বেশ আলাদা ছন্দে বাঁধা। প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন তিনি। নিজের কাজ নিয়েই কথা বলতে স্বচ্ছন্দ, কিন্তু ব্যক্তিগত জীবন বা অন্য প্রসঙ্গে মুখ খোলা তাঁর পছন্দ নয়। তাঁর কথায়, সব বিষয়ে মত দিতেই হবে- এমন বিশ্বাসে তিনি আস্থা রাখেন না। অন্যদিকে সহ-অভিনেত্রী মানালি একেবারেই ভিন্ন স্বভাবের, যা এই জুটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।

ধারাবাহিকে সব্যসাচীর চরিত্র জয়ন্ত। ঘটি-বাঙাল দ্বন্দ্বকে ঘিরে কৌতুক মিশ্রিত এই গল্পে সম্পর্কের টানাপোড়েন আর পারিবারিক আবহ একসঙ্গে বোনা হয়েছে। এই কাহিনিতে আরও অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়-এর মতো বর্ষীয়ান শিল্পীরা, যাঁদের সঙ্গে কাজ করাও সব্যসাচীর কাছে এক বিশেষ অভিজ্ঞতা।



এই ধারাবাহিকে তাঁর নতুন লুকও নজর কেড়েছে। পেছনে আঁচড়ানো চুল, চোখে গোল ফ্রেমের চশমা- এই চেহারায় তাঁকে আগে দেখেননি দর্শক। তবে সব্যসাচী নিজে জানিয়েছেন, যে কোনও চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলাতে তিনি সবসময় প্রস্তুত।

শুটিং ফ্লোরে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে শেখার সুযোগও মিলছে অভিনেতার। বিশেষ করে মানালি দে-র সময়নিষ্ঠতা ও নিয়মানুবর্তিতা তাঁকে মুগ্ধ করেছে। নির্দিষ্ট সময়ের আগেই সেটে পৌঁছে যাওয়া, কাজের প্রতি একাগ্রতা- এসব বিষয়কে তিনি নিজের জন্য শিক্ষণীয় বলেই মনে করছেন।

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাও সামলাচ্ছেন সব্যসাচী। সৌরভ দাস ও যিশু সেনগুপ্ত-কে সঙ্গে নিয়ে নতুন ক্লাউড কিচেন শুরু করেছেন তিনি। ব্যস্ত শুটিং সূচির ফাঁকেও সময় বের করে সেখানে নজর রাখেন, বিশেষ করে রান্না ও খাবারের মানের দিকে।

তবে এই মুহূর্তে তাঁর প্রধান মনোযোগ ধারাবাহিকের কাজেই। নতুন গল্প, নতুন জুটি আর নতুন উপস্থাপনায় দর্শকদের মন জয় করতে কতটা সফল হন সব্যসাচী-মানালি, সেটাই এখন দেখার অপেক্ষা।

এসএ/এসএন

মন্তব্য করুন