© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক

শেয়ার করুন:
বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল কিংবদন্তি পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মাইকেল’। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশেও আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে দর্শক।

বিগ বাজেটের এ সিনেমায় কিংবদন্তি মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। সিনেমায় জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল।

সিনেমায় তুলে ধরা হয়েছে গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। এ সিনেমার মাধ্যমে মৃত্যুর ১৬ বছর পর রুপালি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠলেন মার্কিন সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী মাইকেল জ্যাকসন।

কিংবদন্তি এ তারকা ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে একটি আফ্রিকান-আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেন। সংগীতপ্রেমী পরিবারে ১০ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। তাই ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ঝোঁক তৈরি হয় মাইকেলের।

মাত্র পাঁচ বছর বয়সে মাইকেল তার ভাইদের সঙ্গে নিয়ে গঠিত সংগীত দল 'দ্য জ্যাকসন ৫’-এর লিড ভোকালিস্ট হিসেবে পেশাদার সংগীত জীবন শুরু করেন। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ ও ‘এবিসি’-এর মতো চার্ট-টপিং গান উপহার দেয়।



১৯৭১ সালে এ পপসম্রাট এককভাবে গান গাওয়া শুরু করেন। তবে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘থ্রিলার’ তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয় যা ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রীত অ্যালবাম হিসেবে স্বীকৃত।

বিশ্বখ্যাত সংগীতশিল্পীর পাশাপাশি তিনি বড়মাপের একজন মানবহিতৈষীও ছিলেন। বিশ্বজুড়ে ৩৯টি দাতব্য সংস্থায় কোটি কোটি ডলার অনুদান দিয়েছিলেন। এছাড়া নাগরিক অধিকার ও পরিবেশগত কারণে সচেতনতা তৈরিতেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

১৯৯৬ সালে মাইকেল তার আয়ের বিশাল পরিমাণ অর্থ দিয়ে প্রায় দুই লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। যে কারণে মাইকেল জ্যাকসন শুধু একজন সংগীতশিল্পী, একজন পপস্টার, একজন নৃত্যশিল্পী কিংবা একজন অভিনেতা হিসেবে দর্শক হৃদয়ে রাজত্ব করছেন না, তার মানবহিতৈষী কাজ আজও তাকে বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর করে রেখেছে।



২০০৯ সালের ২৫ জুন, লস অ্যাঞ্জেলেসে তীব্র প্রোপোফল এবং বেনজোডিয়াজেপাইন নেশার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ তাই নানা নাটকীয়তায় ভরপুর।

বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। কিংবদন্তির শৈশব, কৈশোর, তারুণ্যময় জীবন আর দুর্দান্ত স্টেজ পারফরম্যান্সকে এক সুতায় বেঁধে চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীরা।

এসএন 

মন্তব্য করুন