নির্বাচনী প্রচারের চাপে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা দেব
ছবি: সংগৃহীত
০৬:৪৭ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
টানা নির্বাচনী প্রচারের চাপে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ও সাংসদ দেব। তীব্র গরম উপেক্ষা করে একের পর এক জনসভা ও প্রচারে অংশ নিতে গিয়ে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। তবে প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন বলে জানা গেছে।
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জোরকদমে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেব। কখনও হুডখোলা গাড়িতে, কখনও জনসভায় উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। এই ব্যস্ততার মাঝেই শুক্রবার বেহালার ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে করে প্রচারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই আচমকা অসুস্থ বোধ করেন অভিনেতা।
সঙ্গে সঙ্গে তার শারীরিক পরীক্ষা করা হয়। রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম পাওয়া যায় এবং মাথা ঘোরার সমস্যাও দেখা দেয়। উপস্থিত চিকিৎসাকর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি সুস্থ বোধ করেন এবং নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রচারে রওনা দেন।

ঘনিষ্ঠ সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই অত্যধিক পরিশ্রমের মধ্যে রয়েছেন দেব। নির্বাচনী চাপের কারণে খাওয়া-দাওয়া ও বিশ্রামে অনিয়ম হচ্ছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার সারাদিন প্রচারের পর শুক্রবার ভোর থেকেই আবার বেরিয়ে পড়েন তিনি। রানাঘাট, মথুরাপুর ও ঘটকপুকুর একাধিক জায়গায় প্রচারের পরিকল্পনা ছিল তার।
বৈশাখের তীব্র গরমে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক কর্মী ও তারকারাও নাজেহাল। সেই পরিস্থিতিতেই নিরবচ্ছিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন দেব। অসুস্থতা কাটিয়ে আবারও প্রচারে ফেরায় তাঁর দায়িত্ববোধই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকে।
সব মিলিয়ে, সাময়িক শারীরিক সমস্যার মুখোমুখি হলেও আপাতত সুস্থ রয়েছেন দেব এবং নির্বাচনী প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে।
পিআর/টিকে