মেয়ে নিসার সঙ্গে কী নিয়ে ঝগড়া কাজলের?
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
দীর্ঘ তিন বছরের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর দূরত্ব সবকিছুর পর অবশেষে মেয়ের সঙ্গে সম্পর্কের নতুন সংজ্ঞা খুঁজে পেলেন অভিনেত্রী কাজল। নিজের জীবনের এই ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ্যে এনে তিনি জানালেন, কিশোরী থেকে তরুণী হয়ে ওঠার পথে মেয়ের সঙ্গে সম্পর্কের এই বদল তাঁর জন্য যেমন কঠিন ছিল, তেমনি শিক্ষণীয়ও।
কাজলের কথায়, তাঁর মেয়ে নিসা ছোট থেকেই স্পষ্টভাষী ও নিজস্ব চিন্তাধারার মানুষ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বাধীন মতামত আরও জোরালো হয়ে ওঠে। বিশেষ করে নিসা যখন কৈশোর পেরিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠছিল, তখন থেকেই মা-মেয়ের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, প্রায় তিন বছর তাঁদের মধ্যে স্বাভাবিক কথাবার্তাও বন্ধ হয়ে যায়।

এই সময়টাকে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলির একটি বলে মনে করেন কাজল। তিনি বুঝতে পারেন, শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিলে সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে। তাই নিজেকেই বদলানোর সিদ্ধান্ত নেন তিনি। ঝগড়া বা তর্কের বদলে মেয়ের কথা মন দিয়ে শোনার চেষ্টা শুরু করেন। ধীরে ধীরে নিসার অনুভূতি, চিন্তা ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন।
কাজল জানান, এই পরিবর্তনই তাঁদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। তিনি উপলব্ধি করেন, সব সময় উপদেশ দেওয়া নয়, বরং সন্তানের কথা ধৈর্য নিয়ে শোনা এবং তাকে গুরুত্ব দেওয়াই আসল। সেই জায়গা থেকেই মা-মেয়ের সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে।
সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব কমে আসে, কথোপকথন বাড়ে, আর সম্পর্কেও ফিরে আসে স্বাভাবিকতা। কাজলের মতে, একজন অভিভাবক হিসেবে এই অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নিজের ভাবনার দিকেও পরিবর্তন আনা জরুরি এই উপলব্ধিই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।
এখন মা-মেয়ের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি খোলামেলা এবং বোঝাপড়ায় ভরপুর। জীবনের সেই কঠিন সময় পেরিয়ে এসে কাজল যেন আরও পরিণত, আরও সচেতন একজন মা।
পিআর/টিকে