বিতর্কের মাঝেই ‘টক্সিক’ নিয়ে মুখ খুললেন যশ
ছবি: সংগৃহীত
০৯:০৩ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
দক্ষিণী তারকা যশের নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ প্রথম ঝলক প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সেই আলোচনার বড় অংশজুড়েই রয়েছে বিতর্ক। ঝলকে থাকা একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে দর্শকদের একাংশ অভিযোগ তোলেন, ছবিতে নারীকে কেবল যৌনতার বস্তু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই অভিযোগের তীর গিয়ে লাগে নির্মাতা গীতু মোহনদাসের দিকেও।
এমন পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন যশ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, ছবির দৃশ্যগুলোকে একমাত্রিকভাবে দেখলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তার কথায়, এই ছবির মূল ভাবনাই গড়ে উঠেছে নারীর দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে। প্রেম, আকাঙ্ক্ষা, আবেগ- এসব বিষয়কে এখানে ভিন্ন এক চোখে দেখানোর চেষ্টা করেছেন নির্মাতা।
যশ আরও জানান, গীতু মোহনদাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে একেবারেই আলাদা। দীর্ঘদিন ধরে পুরুষ নির্মাতাদের সঙ্গে কাজ করলেও এই প্রথম তিনি অনুভব করেছেন গল্প বলার ভিন্ন এক ধরণ। তার মতে, একজন নারী নির্মাতা যে ভাবে অনুভূতি ও সম্পর্ককে তুলে ধরতে পারেন, তা অনেক ক্ষেত্রেই আলাদা মাত্রা যোগ করে।

সাক্ষাৎকারে তিনি এ-ও বলেন, সাধারণত বড় বাজেটের অ্যাকশন বা গ্যাংস্টারধর্মী ছবি পরিচালনায় পুরুষদেরই দেখা যায়। সেই জায়গায় একজন নারী নির্মাতা এমন গল্প নির্মাণ করছেন- এটাই তার কাছে সবচেয়ে আকর্ষণীয় দিক। যশের বিশ্বাস, এই নতুন দৃষ্টিভঙ্গিই ছবিটিকে আলাদা করে তুলবে।
তিনি আরও যোগ করেন, গীতু মোহনদাস শুধু নির্মাতা নন, একজন দক্ষ লেখকও। তার চিন্তাভাবনা অত্যন্ত পরিষ্কার এবং সূক্ষ্ম। কাজ করতে গিয়ে তিনি নিজেও অনেক কিছু শিখেছেন বলে জানান যশ। বিশেষ করে প্রেম ও সংবেদনশীলতার উপস্থাপনায় এই ছবিতে ভিন্নতা রয়েছে বলেই মনে করেন তিনি।
উল্লেখ্য, ছবিটি প্রথমে মুক্তির কথা ছিল মার্চ মাসে। তবে পরে মুক্তির তারিখ পরিবর্তন করে জুন মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছে। মুক্তির আগেই বিতর্ক আর প্রত্যাশার মিশেলে ‘টক্সিক’ এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।
এসএ/টিএ