© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অরিজিতের সঙ্গে কাজে মুগ্ধ কৌশিকী

শেয়ার করুন:
অরিজিতের সঙ্গে কাজে মুগ্ধ কৌশিকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
সাফল্যের চূড়ায় থেকেও মাটির টানে বাঁধা এক শিল্পীর নাম অরিজিৎ সিং। জন্মদিনে তাঁকে ঘিরে যখন শুভেচ্ছার বন্যা, তখনই গায়িকা কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে উঠে এল এক অন্য অরিজিতের গল্প- যেখানে খ্যাতির ঝলকানির চেয়ে বড় হয়ে ওঠে মানুষটি নিজে।

দীর্ঘদিনের পরিচয় তাঁদের। একসঙ্গে গান থাকলেও রেকর্ডিংয়ে একসঙ্গে কাজের সুযোগ হয়নি। তবু ব্যক্তিগত সম্পর্কে যে উষ্ণতা, তা কৌশিকীর কথাতেই স্পষ্ট। তাঁর কাছে অরিজিৎ যেন ছোট ভাইয়ের মতো। খুব অল্প বয়স থেকে তাঁকে বড় হতে দেখেছেন তিনি, আর সেই বড় হয়ে ওঠার পথেই খুঁজে পেয়েছেন এক বিরল সংমিশ্রণ- প্রতিভা আর মানবিকতার।

কৌশিকী জানান, বহু আগে কোনও ছবির গান নয়, বরং একটি গজলের মাধ্যমে প্রথম অরিজিতের কণ্ঠ শোনেন তিনি। সেই গানের গভীরতা তখনই নজর কাড়ে। আজও সেই গজল গাইতে ভালোবাসেন অরিজিৎ। জিয়াগঞ্জের মাটিতে তাঁর গড়ে তোলা পরিবেশ, শিকড়ের প্রতি টান- এসবই শিল্পীর ভিতরের মানুষটিকে আলাদা করে চেনায়।



গানের কথা বলতে গেলে অরিজিতের প্রশংসায় নতুন কিছু বলার নেই- এ কথা মানেন কৌশিকী নিজেও। তবে তিনি মনে করিয়ে দেন, অরিজিতের আরেকটি দিক নিয়ে সমানভাবে কথা বলা জরুরি- তা হল তাঁর মানবিকতা। তাঁর মতে, একই সঙ্গে প্রবল সাফল্য আর ভালো মানুষ হয়ে থাকা খুবই বিরল। কারণ অনেক সময়ই সাফল্য মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। কিন্তু অরিজিত সেই ধারা ভেঙেছেন।

বাইরে যেমন, ভিতরেও তেমন- এই সরল সমীকরণেই যেন তৈরি অরিজিতের ব্যক্তিত্ব। প্রচারের আলোয় থেকেও নিজের ভিতরের মানুষটিকে বদলে ফেলেননি তিনি। বরং সাধারণ জীবনযাপনেই খুঁজে নিয়েছেন আনন্দ। কৌশিকীর ভাষায়, এই জীবনযাপন ধরে রাখতে সাহস লাগে, আর সেই সাহসই তাঁকে আলাদা করে।

নিজের মাটি, নিজের মানুষের প্রতি গভীর টানই অরিজিতের শক্তি- এ কথাও স্পষ্ট করে বলেন তিনি। এই টানই তাঁকে বছরের পর বছর একই রকম রেখেছে। তাঁর আত্মবিশ্বাস আর শিকড়ের সঙ্গে সংযোগই তাঁকে এমন মানুষ করে তুলেছে, যাকে শুধু শিল্পী নয়, মানুষ হিসেবেও অনুসরণ করতে চান অনেকেই।

তাই নতুন প্রজন্মের জন্য কৌশিকীর বার্তা, শুধু গান নয়- অরিজিতের জীবনদর্শন থেকেও শেখার আছে অনেক কিছু। সাফল্যের পর বিলাসিতাই যে সব নয়, তা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি প্লেব্যাক গাওয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ের্ছেন অরিজিৎ। এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হলেও কৌশিকী একে দেখছেন এক শিল্পীর উত্তরণ হিসেবে। তাঁর মতে, এটি কোনও বিদায় নয়, বরং নতুন আকাশের দিকে যাত্রা। ‘প্লেব্যাক গায়ক’ পরিচয়ের গণ্ডি ভেঙে এখন তিনি শুধুই গায়ক-আর সেই পরিচয়ই তাঁকে আরও বিস্তৃত করে তুলবে।

জন্মদিনে তাই শুভেচ্ছার পাশাপাশি এই সাহসী সিদ্ধান্তের জন্যও অরিজিতকে অভিনন্দন জানিয়েছেন কৌশিকী। তাঁর কথায়, এ এক শিল্পীর মুক্তির গল্প, যা অনুপ্রেরণা হয়ে থাকবে বহুদিন।

এসএ/টিএ

মন্তব্য করুন