রাজের হয়ে ভোট প্রচার করবেন শুভশ্রী!
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
টলিউডের জনপ্রিয় তারকাদম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে আবারও সরগরম বারাকপুর। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শেষ মুহূর্তের প্রচারে নতুন চমক যোগ করতে স্বামীর হয়ে ময়দানে নামছেন শুভশ্রী। ফলে রাজনীতির মঞ্চে ফের একবার দেখা যাবে তারকাজৌলুসের ঝলক।
প্রথম দফার ভোটের পর এখন সব নজর দ্বিতীয় দফার নির্বাচনের দিকে। হাতে সময় খুব কম। তাই প্রার্থীরা শেষ মুহূর্তে জনসংযোগ জোরদার করতে ব্যস্ত। এই পরিস্থিতিতেই বারাকপুর কেন্দ্রে নিজের অবস্থান আরও শক্ত করতে প্রচারে নামছেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী। একুশের নির্বাচনে রোড শোয়ে তার উপস্থিতি নজর কাড়ে, আর এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চলেছেন তিনি।

জানা গেছে, ২৬ এপ্রিল রবিবার বিকেল থেকে বারাকপুরে শুরু হবে এই প্রচারযাত্রা। লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত নির্ধারিত রুটে চলবে রাজ ও শুভশ্রীর রোড শো। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাদম্পতিকে একসঙ্গে দেখতে উৎসুক সাধারণ মানুষের ভিড় যে উপচে পড়বে, তা বলাই যায়।
গত নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন রাজ চক্রবর্তী। পাঁচ বছরে এলাকার উন্নয়নে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলেই দাবি তাঁর। দ্বিতীয়বার প্রার্থী হয়ে তিনি আশাবাদী, কাজের ভিত্তিতেই মানুষ এবারও তাঁকে সমর্থন করবেন। প্রতিপক্ষ নিয়ে প্রকাশ্যে কোনও বিতর্কে না গিয়ে নিজের কাজকেই সামনে রাখতে চাইছেন তিনি।
অন্যদিকে, শুভশ্রীর উপস্থিতি এই প্রচারে আলাদা মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকেই। বিনোদন জগতের জনপ্রিয় মুখ হওয়ায় সাধারণ মানুষের কাছে তাঁর আবেদনও কম নয়। ফলে নির্বাচনের শেষলগ্নে এই তারকাদম্পতির রোড শো যে রাজনৈতিক ময়দানে বাড়তি উত্তাপ ছড়াবে, তা স্পষ্ট।
সিনেমার পর্দা থেকে বাস্তবের রাজনৈতিক মঞ্চ এই যাত্রায় রাজ ও শুভশ্রী একসঙ্গে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে বারাকপুর।
পিআর/টিকে