বিজেপিতে যোগ দেওয়ায় রাঘব চাড্ডাকে কটাক্ষ করলেন অভিনেতা প্রকাশ রাজ
ছবি: সংগৃহীত
০৫:৫১ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
রাজনীতি ও বিনোদনের মিশেলে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেটদুনিয়া। প্রাক্তন আপ নেতা রাঘব চাড্ডার দলবদলকে কেন্দ্র করে এবার সরব হলেন অভিনেতা প্রকাশ রাজ। বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন রাঘব, আর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন প্রকাশের কড়া মন্তব্য।
দীর্ঘদিন ধরেই দল ছাড়ার জল্পনা চলছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি জানান, যে দলকে তিনি দীর্ঘ সময় ধরে গড়ে তুলতে সাহায্য করেছেন, সেই দল নাকি তার আদর্শ ও মূল্যবোধ থেকে সরে এসেছে। তাই দেশের স্বার্থেই নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে এই সিদ্ধান্তকে সহজভাবে নেননি প্রকাশ রাজ। সমাজমাধ্যমে ব্যঙ্গাত্মক একটি মন্তব্য ভাগ করে নিয়ে তিনি রাঘবের দলবদলকে তীব্র কটাক্ষ করেন। সেখানে ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি বোঝানোর চেষ্টা করেন, নীতির প্রশ্ন তুলে একটি দল ছেড়ে সম্পূর্ণ বিপরীত অবস্থানের দলে যোগ দেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। এমনকি মন্তব্যের মধ্যে কুখ্যাত দুষ্কৃতীর প্রসঙ্গ টেনে এনে তুলনা করায় বিতর্ক আরও তীব্র হয়।
প্রকাশের এই আক্রমণাত্মক মন্তব্য ঘিরে নেটমাধ্যমেও শুরু হয়েছে তুমুল প্রতিক্রিয়া। একাংশ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকেই তার ভাষা ও ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিনেতার দিকেই, আবার কেউ রাঘবের সিদ্ধান্তকেও সমালোচনা করেছেন।
এই ঘটনার জেরে আবারও স্পষ্ট, রাজনীতি ও বিনোদনের সীমানা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। তারকারা যেমন রাজনৈতিক বিষয়ে সরব হচ্ছেন, তেমনি রাজনীতিবিদদের পদক্ষেপও বিনোদন জগতের আলোচনায় জায়গা করে নিচ্ছে।
পিআর/টিকে