© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের উপর অনেক অত্যাচার করেছি: অরিজিৎ সিং

শেয়ার করুন:
নিজের উপর অনেক অত্যাচার করেছি: অরিজিৎ সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন সময় ও আত্মসংগ্রামের কথা অকপটে প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, এমন এক সময় ছিল যখন নিজের কণ্ঠ নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন না এবং নিজেকেই পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি কষ্টও দিয়েছেন।

জিয়াগঞ্জে জন্ম নেওয়া অরিজিতের সংগীতযাত্রা শুরু হয় ছোটবেলা থেকেই। মায়ের কাছেই প্রথম সংগীতের হাতেখড়ি। এরপর রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে শুরু করে ধীরে ধীরে বলিউড ও টলিউডে নিজের জায়গা তৈরি করেন তিনি। তবে আজকের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও আত্মবিশ্লেষণের গল্প।



অরিজিৎ জানান, কেরিয়ারের শুরুর দিকে অনেকেই তার কণ্ঠ পছন্দ করতেন না। সেই সময় সমালোচনার মুখে পড়ে তিনি নিজের গলার স্বর নিয়েই সন্দেহে ভুগতেন। এই কারণেই নিজের কণ্ঠকে বদলানোর চেষ্টা করেন তিনি, যা এক কঠিন মানসিক ও শারীরিক পরিশ্রমের পথ ছিল।

তার ভাষায়, তিনি নিজের গলার ওপর এতটাই চাপ দিতেন যে অনেক সময় দীর্ঘ রেওয়াজের কারণে গলা সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়ত। রাত জেগে অনুশীলন করার ফলে শারীরিকভাবে কণ্ঠে প্রভাব পড়ত বলেও জানান তিনি। নিজের ভাষাতেই তিনি স্বীকার করেন, সেই সময় তিনি নিজের উপর অনেক কঠোরতা প্রয়োগ করেছিলেন।

অরিজিত আরও জানান, এই আত্মসংগ্রামই ধীরে ধীরে তার গানের আবেগ ও গভীরতা তৈরি করেছে। আজ তার কণ্ঠে যে অনুভূতি ফুটে ওঠে, তা হঠাৎ করে পাওয়া নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে তোলা এক শিল্পসত্তার ফল।

‘আশিকী ২’ ছবির গান তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেলেও, তার আগেই তিনি বহু কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেছেন বলে জানান এই শিল্পী। বর্তমানে তিনি কিছুটা ভিন্ন ধরণের সংগীতচর্চায় মনোযোগ দিচ্ছেন এবং নতুন প্রতিভাদের সুযোগ করে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন।

সব মিলিয়ে, অরিজিৎ সিংয়ের এই স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দেয় যে সাফল্যের পেছনে থাকে অজানা সংগ্রাম আর আত্মত্যাগের দীর্ঘ পথ।


পিআর/টিকে

মন্তব্য করুন