কঙ্গনার কোন গোপন কথা ফাঁস করে দিয়েছিলেন অভিনেত্রী মনিকা?
ছবি: সংগৃহীত
০৭:২০ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ঘিরে এক পুরনো মঞ্চ অভিজ্ঞতা এবার নতুন করে সামনে আনলেন অভিনেত্রী মনিকা চৌধুরী। থিয়েটার জীবনের এক অপ্রকাশিত ঘটনার কথা শেয়ার করে তিনি জানান, কঙ্গনার অভিনয় দক্ষতা ও প্রস্তুতি কতটা বিস্ময়কর ছিল।
মনিকা জানান, তারা দু’জনই একসময় খ্যাতনামা থিয়েটার পরিচালক অরবিন্দ গৌরর কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই সময় থেকেই কঙ্গনার অভিনয়ের প্রতি নিষ্ঠা ও পরিশ্রম নিয়ে নানা উদাহরণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেন গৌর।
মনিকার কথায়, একবার একটি মঞ্চনাটকে হঠাৎ করে এক পুরুষ চরিত্রের অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। শো শুরু হওয়ার ঠিক আগে তৈরি হয় সংকট। তখন কোনো বিকল্প প্রস্তুতি না থাকায় সবাই যখন চিন্তায়, তখন এগিয়ে আসেন কঙ্গনা রানাউত।

তিনি জানান, কঙ্গনা নিজের নির্ধারিত চরিত্রের বাইরে গিয়ে সেই পুরুষ চরিত্রে অভিনয় করতে রাজি হন। শুধু তাই নয়, চরিত্রের সব সংলাপ আগে থেকেই তার মুখস্থ ছিল। মুহূর্তের মধ্যে তিনি পুরুষের সাজে মঞ্চে উঠে অভিনয় করেন, যা দেখে অবাক হয়ে যান উপস্থিত সবাই।
মনিকার মতে, এই ঘটনাই প্রমাণ করে কঙ্গনা কতটা প্রস্তুত ও নিবেদিত একজন শিল্পী। অরবিন্দ গৌরও সেই ঘটনার উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের বোঝাতেন, একজন অভিনেতার জন্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা কতটা জরুরি।
এই ঘটনার মধ্য দিয়ে কঙ্গনার পেশাদারিত্বের এক ভিন্ন দিক সামনে এসেছে, যা তার অভিনয় জীবনের আরেকটি অনুপ্রেরণামূলক অধ্যায় হিসেবে মনে করছেন সহকর্মীরা।
পিআর/টিকে