মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মামলা দায়ের চার ভাইবোনের
ছবি: সংগৃহীত
০৭:৪৮ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে ঘিরে ফের নতুন করে বিতর্ক দানা বাঁধছে। প্রয়াত এই শিল্পীর বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন নিউ জার্সির এক পরিবারের চার ভাইবোন। ঘটনাটি সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা।
অভিযোগকারীদের দাবি, দুই হাজার সালের শুরুর দিকে বিভিন্ন কনসার্ট সফরের সময় থেকেই তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু হয়। শুধু সফরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না সেই অভিযোগ, বরং তাদের নিজস্ব বাসভবনেও একই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন তারা। তখন তাদের বয়স ছিল মাত্র সাত থেকে আট বছরের মধ্যে।
জানা গেছে, ওই পরিবারের বাবার কর্মসূত্রেই মাইকেল জ্যাকসনের সঙ্গে পরিচয় তৈরি হয়। তিনি একটি বিলাসবহুল হোটেলে কাজ করতেন, যেখানে নিয়মিত যাতায়াত ছিল এই পপ তারকার। সেই সূত্র ধরেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং অভিযোগ অনুযায়ী, সেই সুযোগেই তাদের ওপর নির্যাতন চালানো হয়।

অভিযোগকারীরা আরও জানিয়েছেন, সেই সময় তারা বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানাতে পারেননি। পরিস্থিতির জটিলতা ও ভয়ই ছিল তার প্রধান কারণ। বহু বছর পর তারা এই অভিযোগ সামনে আনলেন, যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে মাইকেল জ্যাকসনের এস্টেট। তাদের আইনজীবীর দাবি, অভিযোগকারীরা দীর্ঘদিন ধরেই জ্যাকসনের পক্ষেই কথা বলতেন। শিল্পীর মৃত্যুর বহু বছর পর হঠাৎ এই অভিযোগ আনা হয়েছে শুধুমাত্র আর্থিক লাভের উদ্দেশ্যে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই বিতর্ক সামনে এসেছে ঠিক সেই সময়েই, যখন জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পথে। ফলে বিষয়টি নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
সব মিলিয়ে, একদিকে নতুন অভিযোগ, অন্যদিকে তার পাল্টা অস্বীকার এই দ্বৈত অবস্থানের মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পপসম্রাট মাইকেল জ্যাকসন।
পিআর/টিকে