চুপিসারে বিয়ে সারলেন কাস্টিং ডিরেক্টর শানু শর্মা
ছবি: সংগৃহীত
০৮:০২ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউডের পর্দার নেপথ্যে থাকা অন্যতম শক্তিশালী নাম শানু শর্মা চুপিসারেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিন ধরে আলোচনার আড়ালে থাকা এই কাস্টিং পরিচালক এবার কনের সাজে ধরা দিলেন, আর সেই খবর নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে চমকে দিলেন গোটা বিনোদন দুনিয়াকে।
প্রায় ১৬ বছর ধরে যশরাজ ফিল্মস এর কাস্টিংয়ের দায়িত্ব সামলে আসছেন শানু। অসংখ্য তারকার উত্থানের নেপথ্যে রয়েছে তারই অবদান। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তিনি। সেই নীরবতা ভেঙেই হঠাৎ বিয়ের ঘোষণা করে চমকে দেন সবাইকে।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ঐতিহ্যবাহী সাজে নবদম্পতি। হাতে মেহেদি আর হিরের আংটির ঝলক দেখিয়ে শানু জানান, প্রিয় মানুষটির সঙ্গে তিনি জীবনের নতুন পথচলা শুরু করেছেন। তবে বরের পরিচয় এখনো গোপন রেখেছেন তিনি, যা নিয়ে কৌতূহল আরও বেড়েছে অনুরাগীদের মধ্যে।
এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডের তারকাদের শুভেচ্ছায় ভরে যায় তার পোস্ট। রণবীর সিং, পরিণীতি চোপড়া, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান এবং রাশমিকা মান্দানা সহ একাধিক তারকা তাকে শুভকামনা জানিয়েছেন।

বলিউডে নতুন মুখ তুলে আনার ক্ষেত্রে শানু শর্মার ভূমিকা অনস্বীকার্য। রণবীর সিং, আনুশকা শর্মা, অর্জুন কাপুর কিংবা পরিণীতি চোপড়ার মতো তারকাদের কেরিয়ারের শুরুতেই তার হাত রয়েছে। থিয়েটার থেকে যাত্রা শুরু করে কাস্টিংয়ের জগতে নিজের একচ্ছত্র আধিপত্য গড়ে তুলেছেন তিনি।
ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, খুব শিগগিরই এই নতুন দম্পতির জন্য বড় আয়োজন হতে পারে, যেখানে উপস্থিত থাকবেন বলিউডের বহু তারকা। তবে আপাতত গোপনীয়তা বজায় রেখেই ব্যক্তিগত সুখের মুহূর্ত উপভোগ করছেন শানু।
সব মিলিয়ে, পর্দার আড়ালের এই ‘মায়েস্ট্রো’র বিয়ের খবরে আনন্দে ভাসছে বলিউড।
পিআর/টিকে