সঞ্জয় দত্তের ‘খলনায়ক রিটার্নস’-এর টিজার দেখে আপ্লুত সুভাষ ঘাই
ছবি: সংগৃহীত
০৯:৫২ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
তিন দশক আগে যে চরিত্রে দর্শকের মনে ঝড় তুলেছিলেন সঞ্জয় দত্ত, সেই ‘বল্লু’ ফের ফিরতে চলেছে নতুন রূপে। বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে খলনায়ক রিটার্নস-এর ঝলক, আর তাতেই আবেগে ভাসছেন অনুরাগীরা।
১৯৯৩ সালের সুপারহিট খলনায়ক ছবির স্মৃতি এখনও তাজা দর্শকদের মনে। সেই ছবিরই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে নতুন অধ্যায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে টিজার প্রকাশ করে নিজেই এই ঘোষণা দিয়েছেন সঞ্জয় দত্ত। ঝলকের শুরুতেই দেখা যায়, সিগারেট হাতে পুরনো ‘বল্লু’ চরিত্রের সেই দাপুটে উপস্থিতি, যা মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যায় অতীতের স্মৃতিতে।

এই টিজার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবির নির্মাতা সুভাষ ঘাই। তিনি জানান, আজও খলনায়ক চরিত্রে সঞ্জয়ের উপস্থিতি সমানভাবে শক্তিশালী ও প্রভাবশালী। পুরো দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নতুন এই যাত্রা সফল হোক এই কামনাই রইল।
টিজারের অন্যতম আকর্ষণ সেই পুরনো সংলাপ ও পরিবেশ, যেখানে আবারও ফিরে এসেছে জেল ভাঙার স্মৃতি এবং চিরচেনা সুর। এর মধ্য দিয়ে নির্মাতারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আগের গল্পের আবেগ বজায় রেখেই তৈরি হচ্ছে নতুন কাহিনি।
বর্তমানে কেরিয়ারের এক সফল সময় পার করছেন সঞ্জয় দত্ত। সাম্প্রতিক কাজেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এরই মধ্যে ‘খলনায়ক রিটার্নস’-এর ঘোষণা যেন তার ভক্তদের জন্য বাড়তি চমক হয়ে এল।
সব মিলিয়ে, পুরনো স্মৃতি আর নতুন প্রত্যাশার মিশেলে আবারও বড় পর্দায় ফিরতে চলেছে ‘বল্লু’। টিজারের ঝলকেই যার ইঙ্গিত স্পষ্ট নতুন অধ্যায়েও থাকবে পুরনো দাপট।
পিআর/টিকে