ফুটবলার হতে না পারার কারণ জানালেন নোরা ফাতেহি
ছবি: সংগৃহীত
১০:১৩ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি মানেই গ্ল্যামার আর নাচের জাদুতে বুঁদ দর্শক। মরক্কোর বংশোদ্ভূত এই অভিনেত্রীর শরীরী ভঙ্গী বরাবর ঝড় তুলেছে ভক্তদের মনে। খেলোয়ার না হলেও মাঠের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে নোরার। সম্প্রতি সামাজিকমাধ্যমে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি।
সেখানে দেখা যায়, কোচের সঙ্গে ফুটবল অনুশীলন করছেন নোরা। সেই সঙ্গে জানিয়েছেন তার ফুটবলপ্রীতির কথা। আর কীভাবে ফুটবলার হিসেবে ক্যারিয়ার তৈরি করা হল না, সেটাও প্রকাশ্যে এনেছেন তিনি।
সাবেক কোচ গোভি হেনরিকসেনকে ট্যাগ করে লিখেছেন, ২০১৭ সালে ফিরে গেলাম।
ওই সময় ফুটবল নিয়ে যে কন্টেন্টগুলো বানাতাম, সেগুলো হঠাৎ চোখে পড়ল। আমার কোচের প্রশংসা করতেই হয়। তার সঙ্গে দারুণ কাজ করেছি। তোমার জন্যই আমার ফুটবলের প্রতি ছোটবেলার ভালোবাসাটা ফের জেগে উঠেছে।

এর সঙ্গে এখন ফুটবল খেলার ভিডিও পোস্ট করেছেন নোরা। যেখানে নিজের ফুটবল স্কিল দেখান। তরুণদের সঙ্গে ফুটবল খেলায় মেতে ওঠেন। নোরার সঙ্গী কে ছিলেন জানেন? মাইকেল আওয়েন। ইংল্যান্ডের ব্যালন ডিঅর জয়ী ফুটবলারের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠ দাপান নোরা।
কিন্তু ফুটবলার হওয়ার স্বপ্নপূরণ হল না কেন? নোরা লেখেন, ১১ বছর বয়সে চোট পাওয়ার পর আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম। কী চোট পেয়েছিলেন, সেটা লেখেননি। তবে মনে করিয়ে দিয়েছেন যে, ওই সময়টা ছিল তার জীবনের কঠিনতম সময়। ফুটবলের প্রতি যে তার কতটা ভালোবাসা সেটা যেন বুঝিয়ে দিলেন তিনি।
সেই কঠিন সময় থেকে কীভাবে ফিরলেন? কোচকে ধন্যবাদ দিয়ে নোরা লেখেন, তুমি জীবনের একটি কঠিন সময় পার করতে সাহায্য করেছ! শারীরিকভাবে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হতে সাহায্য করেছ! ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের আরও কাছাকাছি এনেছে!
ফুটবলার হতে পারেননি। তা নিয়ে আফসোসও আছে। তবে খেলার মাঠের সঙ্গে ওতপ্রোত যোগাযোগ রয়েছে নোরার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ মাতিয়েছিলেন নোরা। নোরার সঙ্গে ছিলেন গায়ক বাদশা। এর আগেও অবশ্য বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন তিনি। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে দেখা গিয়েছিল নোরাকে। ওই বিশ্বকাপের অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’ গানে হিন্দি অংশটি গেয়েছিলেন নোরা। পারফর্মও করেছিলেন ওই গানে।
নোরা নিজে মরোক্কান বংশোদ্ভূত। তবে তার জন্ম এবং বড় হওয়া কানাডায়। তিনি বলিউডে পা রেখেছিলেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে। এরপর নিজের বোল্ড ও গ্ল্যামারাস লুকে নিজেকে তুলে ধরেছেন। নোরার সৌন্দর্য, ফিটনেস, অভিনয়, নাচ দর্শকদের মুগ্ধ করেছে। তার আইটেম ডান্সে মুগ্ধ অনুরাগীরা।
এসএস/টিকে