‘মঙ্গল পাণ্ডে: দ্য রাইজিং’ ছবিতে ঐশ্বরিয়ার পরিবর্তে আমিশাকে নেয়া হয়েছিল কেন?
ছবি: সংগৃহীত
০৭:২৫ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
বলিউডের একটি আলোচিত সিদ্ধান্ত আজও কৌতূহল জাগায় সিনেমাপ্রেমীদের মনে। যে চরিত্রে অভিনয়ের কথা ছিল ঐশ্বরিয়া রাইয়ের, শেষ মুহূর্তে সেই জায়গায় দেখা যায় আমিশা প্যাটেলকে। আর এই পরিবর্তনের নেপথ্যে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য, যা নতুন করে আলোচনায় এনেছে আমির খানের একটি পুরনো ছবিকে।
২০০৫ সালে মুক্তি পাওয়া কেতন মেহতা পরিচালিত ‘মঙ্গল পাণ্ডে: দ্য রাইজিং’ ছবিতে শুরু থেকেই নায়ক হিসেবে আমির খানকে ভাবা হয়েছিল। তবে নায়িকার ক্ষেত্রে প্রথম পছন্দ ছিলেন না রানি মুখোপাধ্যায় বা আমিশা প্যাটেলকে। বরং ঐশ্বরিয়া রাইকে ভেবেই এগিয়েছিলেন নির্মাতা। প্রস্তাব পাওয়ার পর ঐশ্বরিয়া রাজি হন, এমনকি আনুষ্ঠানিকভাবে চুক্তিও সম্পন্ন হয়েছিল।

কিন্তু সবকিছু ঠিকঠাক এগোনোর পর হঠাৎই বদলে যায় পরিস্থিতি। ছবিটি থেকে সরে দাঁড়ান ঐশ্বরিয়া, আর তার জায়গায় সুযোগ পান আমিশা প্যাটেল। পরে এই প্রসঙ্গে অমীশা জানান, আমির খান তার একটি সাক্ষাৎকার দেখেছিলেন, যেখানে তার বুদ্ধিমত্তা আমিরের দৃষ্টি কাড়ে। সেই কারণেই নাকি শেষ পর্যন্ত তাকেই বেছে নেওয়া হয়।
অন্যদিকে, ঐশ্বরিয়া রাই ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, পারিশ্রমিক নিয়ে প্রযোজক ও পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ায় তিনি নিজেই সরে দাঁড়ান। প্রথমে দেড় কোটি টাকা পারিশ্রমিক ঠিক হলেও পরে তিনি তা বাড়িয়ে তিন কোটি টাকা দাবি করেন। এই পরিবর্তনেই জটিলতা তৈরি হয় এবং শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনার পাশাপাশি আরও একটি তথ্য সামনে আসে। আমির খানের জনপ্রিয় ছবি ‘লাগান’-এর জন্যও নাকি প্রথমে আমিশা প্যাটেলকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেখান থেকেও বাদ পড়তে হয় তাকে। নির্মাতাদের মতে, চরিত্রের সঙ্গে তার চেহারা ও ব্যক্তিত্ব পুরোপুরি মানানসই ছিল না।
পিআর/টিকে