শাহরুখের সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির খান
ছবি: সংগৃহীত
০৭:৩৫ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
পর্দায় নিখুঁত অভিনয়ের জন্য ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান। তবে পর্দার বাইরের আমির যে বেশ আবেগপ্রবণ, তা অনেকেরই অজানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানান, রোম্যান্টিক সিনেমা দেখতে গিয়ে তিনি প্রায়ই আবেগ ধরে রাখতে পারেন না এবং অঝোরে কাঁদেন।
রেডিও মির্চিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, তিনি রোম্যান্টিক গল্পের সিনেমার বড় ভক্ত। বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন বা প্রেমের গল্প তাকে গভীরভাবে নাড়া দেয়।
এ সময় তিনি শাহরুখ খান অভিনীত কালজয়ী সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখার এক মজার স্মৃতি ভাগ করে নেন।
আমির জানান, করণ জোহর পরিচালিত এই সিনেমাটি তিনি তার তৎকালীন স্ত্রী রিনা দত্তের সঙ্গে মুম্বাইয়ের রাজকমল থিয়েটারে বসে দেখছিলেন।

সিনেমার বিভিন্ন আবেগঘন মুহূর্তে তিনি এতটাই কেঁদেছিলেন যে, চোখ মোছার জন্য বারবার রিনা দত্তের ওড়না ব্যবহার করছিলেন।
মজা করে আমির বলেন, রিনার ওড়নাটিতে জরির কাজ করা ছিল। বারবার চোখের পানি মোছার কারণে ওড়নাটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই ছোট ঘটনাটি প্রমাণ করে, একজন দর্শক হিসেবেও গল্পের সঙ্গে আমির কতটা গভীরভাবে মিশে যান।
উল্লেখ্য, আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পার’ সিনেমায়। সেখানে তাকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, যিনি ভিন্নভাবে সক্ষম একদল মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করেন।
পিআর/টিকে