রাঘব চাড্ডার দলবদল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কুনিকা
ছবি: সংগৃহীত
০৭:৫২ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
রাজনীতির মঞ্চে এক আকস্মিক সিদ্ধান্ত যেন ছায়া ফেলেছে বলিউডের সম্পর্কেও। আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘব চাড্ডাকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছে, তা এবার ছুঁয়ে গেল অভিনেত্রী কুনিকা সদানন্দের মন্তব্যেও। আর সেই মন্তব্যে উঠে এল পরিণীতি চোপড়ার নামও, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
নতুন প্রজন্মের কাছে রাঘব চাড্ডা ছিলেন এক পরিচিত মুখ। সংসদে তার বক্তব্য, সমাজমাধ্যমে সক্রিয়তা সব মিলিয়ে দ্রুত জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ দলবদলের সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত মনে হয়েছে। এর জেরে সমালোচনার ঝড় উঠেছে, এমনকি সমাজমাধ্যমে তাঁর অনুসরণকারীর সংখ্যাও কমে গেছে উল্লেখযোগ্যভাবে।

এই পরিস্থিতিতেই মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ। দীর্ঘদিন ধরেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। সম্প্রতি একটি জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর আবারও আলোচনায় এসেছেন। রাঘবের এই সিদ্ধান্তে তিনি যে হতাশ, তা স্পষ্ট তার কথায়।
কুনিকার দাবি, একসময় রাঘব নিজেই বিজেপিকে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন। অথচ এখন সেই দলেই যোগ দেওয়ায় তিনি বিস্মিত। তিনি জানান, এতদিন রাঘবকে একজন ভদ্র ও ইতিবাচক মানুষ বলেই মনে হতো তার। এমনকি পরিণীতি চোপড়ার সঙ্গে রাঘবের বিয়ে দেখে খুশিও হয়েছিলেন তিনি, কারণ মনে হয়েছিল অভিনেত্রী একজন সৎ ও প্রতিশ্রুতিবান সঙ্গী পেয়েছেন।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা বদলে গেছে কুনিকার। তার কথায়, এখন মনে হচ্ছে তিনি হয়তো রাঘবকে ভুল বুঝেছিলেন। যদিও তিনি সরাসরি রাঘবকে দোষারোপ করতে চান না, তবে নিজের বিচারবুদ্ধি নিয়েই প্রশ্ন তুলেছেন। বিশেষ করে পুরো ঘটনাটি যেভাবে ঘটেছে, তা নিয়েই তার আপত্তি বেশি।
এই প্রসঙ্গে কুনিকা আরও ইঙ্গিত দিয়েছেন, রাঘবের এই সিদ্ধান্তের পেছনে হয়তো বড় কোনও কারণ রয়েছে, যা এখনও প্রকাশ্যে আসেনি। সব মিলিয়ে, এক রাজনৈতিক সিদ্ধান্ত কীভাবে ব্যক্তিগত সম্পর্ক ও জনমতের সমীকরণ বদলে দিতে পারে, সেই ছবিই যেন ফুটে উঠছে এই ঘটনায়।
পিআর/টিকে