© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই দশক পর ফের 'কাভি আলবিদা না কেহেনা' নিয়ে ফিরছে করণ জোহর

শেয়ার করুন:
দুই দশক পর ফের 'কাভি আলবিদা না কেহেনা' নিয়ে ফিরছে করণ জোহর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৭ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
প্রায় দুই দশক আগে যে গল্প নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, সেই গল্পই এবার নতুন রূপে ফিরতে চলেছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি আলবিদা না কেহেনা’ ছবিটি আবারও দর্শকদের সামনে আসছে, তবে এবার বড় পর্দায় নয়, দীর্ঘ ধারাবাহিক আকারে। নির্মাতা করণ জোহর নিজেই জানিয়েছেন, ছবিটিকে নতুনভাবে সাজিয়ে একটি সিরিজ হিসেবে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন তিনি।

মুক্তির সময়েই এই ছবির বিষয়বস্তু নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়েছিল। বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও অসুখী দাম্পত্যের মতো স্পর্শকাতর বিষয় তুলে ধরায় অনেকেই আপত্তি জানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করে নেয় এবং দর্শকের একাংশের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে।



এবার সেই গল্পকেই আরও বিস্তৃতভাবে তুলে ধরতে চান করণ। তার কথায়, ছবিটি যখন প্রথম মুক্তি পায়, তখন জনমত বিভক্ত ছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এমন একটি গল্প দেখিয়ে তিনি কি বিশ্বাসঘাতকতাকে সমর্থন করছেন? সেই প্রশ্নের জবাবে তিনি তখনই বলেছিলেন, বাস্তবে যা ঘটে, সেটাকেই কেবল তুলে ধরা হয়েছে।

বর্তমানে এই গল্পকে দীর্ঘ পরিসরে উপস্থাপন করার পরিকল্পনা চলছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করছেন নির্মাতা। তার ইঙ্গিত, এটি একটি দীর্ঘ ধারাবাহিক হিসেবে তৈরি হবে, যেখানে চরিত্র ও সম্পর্কের গভীরতা আরও বিস্তারিতভাবে দেখানো সম্ভব হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মূল ছবিটি মুক্তির সময়ও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। দেশ-বিদেশ মিলিয়ে উল্লেখযোগ্য আয় করেছিল এই সিনেমা।

পাশাপাশি শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা ও অভিষেক বচ্চনের অভিনয় ছবিটিকে আরও জনপ্রিয় করে তুলেছিল। বিশেষ উপস্থিতিতে ছিলেন অমিতাভ বচ্চন ও কিরণ খেরও।

সাম্প্রতিক সময়ে করণ জোহরকে পরিচালনায় তুলনামূলক কম দেখা গেলেও, এই নতুন উদ্যোগ তার পুরনো সফল কাজকে নতুনভাবে উপস্থাপনের এক বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, নতুন প্রজন্মের দর্শকদের কাছে এই গল্প কতটা গ্রহণযোগ্য হয়ে ওঠে।

পিআর/টিকে

মন্তব্য করুন