তৃণমূলের হয়ে প্রচারে পরমব্রত, রাজনৈতিক মঞ্চে যাত্রা শুরু অভিনেতার
ছবি: সংগৃহীত
১২:০১ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
বিনোদন জগতের পরিচিত মুখ থেকে এবার সরাসরি রাজনৈতিক মঞ্চে পা রাখলেন পরমব্রত চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূলের সমর্থনে প্রচারে নেমে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই অভিনেতা-পরিচালক। যদিও প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না, তবুও শেষ মুহূর্তের প্রচারে সক্রিয় উপস্থিতি জানিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি।
নির্বাচনের প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সামনে দ্বিতীয় দফার ভোট। এই গুরুত্বপূর্ণ সময়েই নদীয়ার কৃষ্ণনগর দক্ষিণে এক জনসভায় দেখা যায় পরমব্রতকে। তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে আয়োজিত সেই সভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জুন মালিয়া-সহ একাধিক পরিচিত মুখ।
মঞ্চে উঠে নিজের বক্তব্যে পরমব্রত জানান, এটাই তাঁর রাজনৈতিক মঞ্চে যাত্রার সূচনা। ব্যক্তিগতভাবে এই মঞ্চে দাঁড়ানোর সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বড় বিশ্বাস। তাঁর কথায়, ২০২৬ সালের এই নির্বাচন শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং বাংলা ও বাঙালির আত্মসম্মান ও আত্মমর্যাদা রক্ষার প্রশ্ন। সেই কারণেই সমস্ত বাধা উপেক্ষা করে তিনি এই প্রচারে যোগ দিয়েছেন।

বিশেষ করে জনসভায় উপস্থিত নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অন্য রাজ্যে যেখানে নারী নির্যাতনের ঘটনা বারবার সামনে আসে, সেখানে পশ্চিমবঙ্গকে নিরাপদ রাজ্য হিসেবে উল্লেখ করা হয়। বাইরে থেকে এসে কেউ যদি এই রাজ্যের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, তা মেনে নেওয়া যায় না বলেই মত তার।
এর পাশাপাশি ভোটারদের সঙ্গে আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পরমব্রত। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রক্রিয়ার নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হয়েছে এবং অনেকের নাম বাদ পড়েছে, যার বিরুদ্ধে এই নির্বাচন একটি জবাব দেওয়ার সুযোগ।
সব মিলিয়ে, অভিনয়ের মঞ্চ থেকে রাজনীতির ময়দানে পরমব্রতের এই পদার্পণ নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, এই নতুন ভূমিকায় দর্শকের প্রিয় অভিনেতা কতটা প্রভাব ফেলতে পারেন রাজনৈতিক অঙ্গনে।
পিআর/টিকে