© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশু রেড্ডির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শেয়ার করুন:
আশু রেড্ডির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
‘বিগ বস তেলেগু’ খ্যাত টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী আশু রেড্ডি এবার আইনি জটিলতায় পড়েছেন। প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকার প্রতারণার অভিযোগে ভারতের হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনে (সিসিএস) মামলা হয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ করেছেন সত্যনারায়ণ নামের এক ব্যক্তি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ভুক্তভোগী দাবি করেছেন, ২০১৮ সালে লন্ডনে বসবাসরত তার সফটওয়ার ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে অভিনেত্রী আশুর পরিচয় হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং তার ছেলেকে বিয়ের প্রতিশ্রুতি দেন অভিনেত্রী।

অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দেয়ার ওপর ভরসা করে গত কয়েক বছরে তার ছেলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন আশুর পেছনে। এর মধ্যে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, প্রায় পাঁচ কেজি ওজনের স্বর্ণালংকার, একাধিক ফ্ল্যাট, যা অভিনেত্রীর নামে কাগজপত্র করা হয়েছে।



ভুক্তভোগী পরিবারের দাবি, বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তারা পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। এছাড়া অভিনেত্রীর বোনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, ওই যুবকের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়ে আর ফেরত দেননি আশুর বোন।

এ ঘটনায় হায়দরাবাদ পুলিশ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে এবং এরইমধ্যে তদন্ত শুরু করেছে। ক্রাইম বিভাগের ডেপুটি কমিশনার এস. চৈতন্য কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে লিভ-ইন সম্পর্কের বিবাদ মনে হলেও মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসায় এখন জটিল আকার ধারণ করেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ বর্তমানে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এদিকে অভিনেত্রী আশু পাল্টা আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে লিখেছেন, আমার অনুমতি ছাড়া কোনো ধরনের ভুল তথ্য বা খবর ছড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেব। সম্মান বজায় রাখুন।

প্রসঙ্গত, তেলেগু শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় আশু। বিশেষ করে ‘বিগ বস তেলেগু’তে অংশগ্রহণের পর তার ভক্ত সংখ্যা ক্রমশ বেড়ে যায়। কিন্তু এবার আইনি জটিলতায় পড়ে শিরোনামে এলেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও মাদক সংক্রান্ত একটি মামলায় নাম জড়িয়েছিল তার। যদিও সে সময় অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

এসএ/এসএন


মন্তব্য করুন