তিন এলাকায় তারকাদের প্রচারে উপচে পড়া ভীড়
ছবি: সংগৃহীত
১০:৩৪ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবারে নির্বাচনী প্রচারে চূড়ান্ত গতি এনে দিল তৃণমূল কংগ্রেস। একসঙ্গে একাধিক তারকা মুখ নামিয়ে তিনটি গুরুত্বপূর্ণ রুটে জমজমাট প্রচার চালানো হয়। নোয়াপাড়া, বরানগর ও বারাকপুর- এই তিন এলাকায় টানা রোড শোতে অংশ নেন দেব, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
দিনের শুরু হয় নোয়াপাড়ার পলতা শান্তিনগর মাঠ থেকে দেব-এর প্রচারযাত্রা দিয়ে। শুরুতেই তার উপস্থিতিতে ছন্দ বদলে যায় গোটা এলাকার। কিছুক্ষণের মধ্যেই রাস্তার দুই পাশে জমে থাকা মানুষ রাস্তায় নেমে আসেন, ফলে মিছিল ধীর হয়ে পড়ে। শান্তিনগর থেকে কুণ্ডুবাড়ি মোড় পর্যন্ত পুরো রুটে পোস্টার, কাটআউট আর সেলফির ভিড়ে এলাকা ভরে ওঠে। হুডখোলা গাড়ি থেকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন তিনি, যার ফলে ভিড়ের উত্তেজনা আরও বেড়ে যায়। একাধিকবার মিছিল থামলেও ফের এগিয়ে চলে জনসংযোগ।
এরপর বরানগরে দ্বিতীয় পর্বে প্রবেশ করে প্রচার। ষষ্ঠীতলা থেকে বনহুগলি মোড় পর্যন্ত রুটে ভিড় শুধু রাস্তাতেই নয়, ছাদ ও বারান্দাতেও ছড়িয়ে পড়ে। চারদিক থেকে মানুষের চাপ বাড়তে থাকে। ফুলের পাপড়ি, অটোগ্রাফের আবদার এবং স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এই অংশে প্রচারে অংশ নেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-ও। মিছিল থামলেই সামনে এগিয়ে জনতার সঙ্গে কথা বলেন প্রচারকারীরা, যা মুহূর্তেই পরিবেশকে আরও উচ্ছ্বসিত করে তোলে।

দিনের শেষ ভাগে বারাকপুরে তৃতীয় পর্বে দেখা যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে। লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত রুটে শুরু থেকেই ভিড়ের চাপ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মহিলা সমর্থকদের উপস্থিতি প্রচারকে আরও জমজমাট করে তোলে। গাড়ির গতি বারবার থেমে গেলেও হাত নেড়ে সাড়া দেন তিনি এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। ভিড় সামলাতে পুলিশ করিডর তৈরি করলেও শেষ পর্যন্ত জনসমাগম পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
সব মিলিয়ে তিনটি রুটেই একই চিত্র দেখা যায়- তারকা উপস্থিতি, উপচে পড়া জনতা এবং থেমে থেমে এগোনো মিছিল। শেষ রবিবারের এই প্রচার নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে।
এসএ/এসএন