© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার চেহারা নিয়ে সবাই মশকরা করত: ধানুশ

শেয়ার করুন:
আমার চেহারা নিয়ে সবাই মশকরা করত:  ধানুশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ ধানুশ আজ যে জায়গায় দাঁড়িয়ে, তার পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম আর অবিচল আত্মবিশ্বাসের গল্প। শুরুর দিনে নিজের চেহারা নিয়েই বারবার উপহাসের শিকার হতে হয়েছিল তাঁকে। রোগা গড়নের জন্য হাসাহাসি, মশকরা সবই সহ্য করতে হয়েছে চুপচাপ। তবে সেই তিক্ত অভিজ্ঞতাই যেন তার লড়াইয়ের শক্তি হয়ে উঠেছিল।

সম্প্রতি আসন্ন ছবি কারা-র প্রচার অনুষ্ঠানে নিজের অতীতের সেই অধ্যায় খুলে বললেন অভিনেতা। জানালেন, প্রথম দিকে মানুষ তাকে নিয়ে তেমন গুরুত্বই দিত না। বরং তার শারীরিক গঠন নিয়েই বেশি কথা হত। কিন্তু তিনি কখনও নিজের ওপর বিশ্বাস হারাননি। বরং মনে মনে স্থির করেছিলেন, একদিন নিজেকে প্রমাণ করেই ছাড়বেন।



অভিনয়জীবনের মোড় ঘোরানো মুহূর্ত আসে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি পোল্লাধাবান-এর মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের পরই দর্শকের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। ধানুশের কথায়, এই ছবির আগে তাকে ‘রোগা’ বলেই ডাকা হত, কিন্তু হঠাৎ করেই যখন নতুন রূপে সামনে এলেন, তখনই প্রথমবার তার চেহারা আর উপস্থিতি নিয়ে প্রশংসা শুরু হয়। দর্শকের হাততালি আর উচ্ছ্বাস তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে।

তবে শুধুই বাহ্যিক পরিবর্তন নয়, মানসিক দৃঢ়তাকেই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন এই তারকা। তার বিশ্বাস, মানুষ যেমন ভাবে, তেমনই হয়ে ওঠে। তাই নিজের সাফল্য নিয়ে কখনও সংশয় না রাখার পরামর্শ দিয়েছেন অনুরাগীদের। একসময় যখন তিনি জাতীয় পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখতেন, তখন অনেকেই হয়তো সেটিকে অবাস্তব বলে ভেবেছিল। কিন্তু নিজের বিশ্বাসেই অটল থেকে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তিনি।

এদিকে তার নতুন ছবি ‘কারা’-তেও একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে ধনুষকে। ছবিতে তিনি এক ডাকাতের ভূমিকায় অভিনয় করেছেন, যে দিনের আলোতেই ব্যাঙ্ক লুট করে এবং পরে সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করে। অ্যাকশনধর্মী এই ছবির ঝলক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। আগামী ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

পিআর/টিকে

মন্তব্য করুন