বড়পর্দায় ফিরছেন স্নেহা চট্টোপাধ্যায়, কোন ছবিতে দেখা যাবে তাকে?
ছবি: সংগৃহীত
১০:১৯ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
ছোটপর্দায় একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া স্নেহা চট্টোপাধ্যায় আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন। দীর্ঘ বিরতির পর নতুন ছবির মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে।
‘সুবর্ণলতা’ ধারাবাহিকে সেজবউয়ের চরিত্রে অভিনয় করে যে জনপ্রিয়তা পেয়েছিলেন স্নেহা, তা আজও দর্শকের মনে উজ্জ্বল। গিরিবালা চরিত্রটিকে তিনি এমনভাবে জীবন্ত করে তুলেছিলেন, যা তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। পরে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তাঁর অভিনয় বিশেষভাবে নজর কাড়ে। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ধারাবাহিকে।
বড়পর্দায় স্নেহার শেষ কাজ ছিল গৃহপ্রবেশ ছবিতে, যেখানে তিনি গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এবার আবার নতুন এক ছবির মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন তিনি। একটি প্রযোজনা সংস্থার প্রথম চলচ্চিত্রেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্নেহাকে, যা তার কেরিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন অনেকে।
এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সপ্তাশ্রী। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করছেন আরিয়ুন ঘোষ, যিনি এর আগে অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা পেয়েছেন। ছবিটি পরিচালনা করছেন টোটান চক্রবর্তী। পাশাপাশি খলনায়কের ভূমিকায় দেখা যাবে অর্পণ ঘোষাল-কে, যিনি এই প্রথম বড়পর্দায় এমন চরিত্রে অভিনয় করছেন। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আয়েন্দ্রী রায়।

ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে বোলপুরে। শুটিং ফ্লোরে উপস্থিত থাকতে দেখা গেছে স্নেহাকে, যা এই প্রকল্পের প্রতি তাঁর গুরুত্বকেই ইঙ্গিত করছে। নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়ে তোলার এই সুযোগকে তিনি কতটা কাজে লাগাতে পারেন, সেটাই এখন দেখার।
তবে শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও ফেরার সম্ভাবনা রয়েছে স্নেহার। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবুও সবকিছু ঠিক থাকলে নতুন ধারাবাহিকের মাধ্যমে আবারও দর্শকের ঘরে ফিরতে পারেন তিনি। ভিন্ন স্বাদের চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
পিআর/টিকে