প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্ভট নাচে স্যোশাল মিডিয়ায় ট্রলের ঝড়!
ছবি: সংগৃহীত
১২:৪২ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
বর্তমানে বিশ্বব্যাপী আলোচনায় রয়েছে হলিউডের কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল'। ইতোমধ্যেই সিনেমাটি আয় করেছে ২১৭ মিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক নতুন ইতিহাস তৈরি করতে পারে হলিউড ইন্ডাস্ট্রিতে।
বিশ্বব্যাপী যখন তুমুল আলোচনায় সিনেমাটি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে টলিউডের বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি গানের ভিডিও ক্লিপ। যেখানে একটি গানের তালে কোমর দুলাতে দেখা যায় প্রসেনজিৎকে।
তবে নাচের স্টাইল এবং পোশাকের ধরনে স্পষ্ট যে তিনি মাইকেল জ্যাকসনের মতো করে নাচার চেষ্টা করেছিলেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেয়ালে টাঙানো জ্যাকসনের ছবি। তবে জ্যাকসনের মতো নাচতে গিয়ে রীতিমতো গুবলেট পাকিয়ে ফেলেছেন এই অভিনেতা। উদ্ভট অঙ্গভঙ্গি আর ভুলভাল ডান্স স্টেপে যেন নাজেহাল বেচারা জ্যাকসন নিজেই। পেছন থেকে যেন মৃত মাইকেলের প্রেতাত্মা বলছে- আমার ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দাও।

সামাজিক মাধ্যমে ভাইরাল ওই ভিডিও দেখেছেন ১.১ মিলিয়নের বেশি সামাজিকমাধ্যম ব্যবহারকারী। সেখানে নানা রকম হাস্যরস আর ঠাট্টা-তামাশায় ভক্তদের হাসতে হাসতে নাভিশ্বাস।
একজন ভক্ত লিখেছেন, গরিবের মাইকেল জ্যাকসন। আরেকজন লিখেছেন- মাইকেল জ্যাকসন টলিউড ভার্সন। হিমাংশু মালহোত্রা নামে একজন লিখেছেন, মাইকেলের আত্মার শান্তি কামনা করছি। এছাড়া নিপা দত্ত লিখেছেন, জ্যাকসন স্টেপের জন্ম আমেরিকায় আর মৃত্যু কলকাতায়।
এসকে/টিএ