সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংহতি বার্তা হস্তান্তর
ছবি: সংগৃহীত
০১:০০ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (২৭ এপ্রিল) রিয়াদে এ সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে উপদেষ্টা কবির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি সংহতি বার্তা হস্তান্তর করেন।
উপদেষ্টা জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
বিশেষ করে অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করতে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি।
উপদেষ্টা আরও জানান, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ ও যুবরাজকে তাদের সুবিধামতো বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সৌদি উপমন্ত্রী উপদেষ্টা কবিরকে উষ্ণভাবে স্বাগত জানান এবং এ অঞ্চলের সংকটময় সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য তার সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরআই/টিকে