পরিবেশমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০২:৪৫ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর জ্যঁ পেম সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা উন্নয়ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া বায়ু ও পানি দূষণ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এগিয়ে যাচ্ছে। এসব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতে বিনিয়োগ ও অর্থায়নের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
বিশ্বব্যাংকের ডিভিশনাল ডিরেক্টর বিশ্বব্যাংকের প্রকল্পগুলোর দ্রুত অগ্রগতির আশা প্রকাশ করেন।
এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এসকে/টিএ