জয়ার পর এবার পাপারাজ্জিদের নিয়ে মুখ খুললেন প্রীতি!
ছবি: সংগৃহীত
১০:৪৫ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
তারকাদের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত নজরদারি নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন প্রীতি জিনতা। এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে ভক্তদের সঙ্গে খোলামেলা কথোপকথনের সময় তিনি স্পষ্ট করে জানান, খ্যাতির সঙ্গে তাল মিলিয়ে চললেও ব্যক্তিগত গোপনীয়তার জায়গাটিকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
এক ভক্তের প্রশ্নে তিনি বলেন, জীবনে কিছু ত্যাগ করতে হয়নি ঠিকই, তবে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখেছেন। তার মতে, একজন তারকার জীবন আসলে এক ধরনের ভারসাম্যের খেলা একদিকে ভক্তদের ভালোবাসা, অন্যদিকে নিজের নির্জনতার প্রয়োজন। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসেন তিনি, তবে তারও একটি সীমারেখা থাকা জরুরি বলেই মনে করেন।

বিশেষ করে সন্তানদের প্রসঙ্গে তিনি কোনো আপোস করতে নারাজ। অনুমতি ছাড়া ছবি তোলা বা তাদের ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করা তিনি একেবারেই মেনে নিতে পারেন না। তার কথায়, কেউ অনুরোধ করলে সাধারণত ছবি তুলতে আপত্তি নেই, কিন্তু হঠাৎ করে আক্রমণাত্মক ভিড় তৈরি হওয়া বা অনুমতি ছাড়া ক্যামেরা তাক করা তাকে অস্বস্তিতে ফেলে।
পাপারাজ্জিদের আচরণ নিয়েও সরব হয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, অনেক সময় হঠাৎ করেই তাকে ঘিরে ফেলা হয়, যা ভীতিকর মনে হয়। বিভিন্ন অনুষ্ঠানে তাদের উপস্থিতি স্বাভাবিক হলেও, জিমের বাইরে কিংবা নিজের বাসার সামনে অপেক্ষা করা তার কাছে বাড়াবাড়ি বলেই মনে হয়। নিজের ভাষায়, একজন মানুষ হিসেবেও তার কিছু ব্যক্তিগত সময় প্রয়োজন।
এই প্রসঙ্গে আগে সরব হয়েছিলেন জয়া বচ্চন-ও। তার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও, পরবর্তীতে আরও অনেক তারকা একই ধরনের অভিজ্ঞতার কথা সামনে এনেছেন।
দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার প্রস্তুতিও নিচ্ছেন প্রীতি। তাকে শিগগিরই ‘লাহোর ১৯৪৭’ ছবিতে দেখা যাবে, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন সানি দেওল, শাবানা আজমি এবং আরও অনেকে। নতুন এই কাজের পাশাপাশি ব্যক্তিগত সীমারেখা রক্ষার প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি।
পিআর/টিকে