© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপ, দম ফেলার সময় নেই দীপিকার

শেয়ার করুন:
গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপ, দম ফেলার সময় নেই দীপিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
আট ঘণ্টা কাজের শর্ত ঘিরে ইতোমধ্যে সিনেদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কাজের সময়সীমা নির্ধারণ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই নিজের মাতৃত্বের খবর জানিয়ে নতুন করে শিরোনামে আসেন এই তারকা অভিনেত্রী। তবে ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপ থেকে একচুলও সরছেন না তিনি। বরং বলা যায়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছেন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জন্য দীপিকার ডায়েরির একটিও পাতা নাকি খালি নেই। সামনে রয়েছে দুটি বড় বাজেটের সিনেমা, পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজ। সব মিলিয়ে বছরের পুরো ক্যালেন্ডারই আগাম বুকড। 

এদিকে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবরও সম্প্রতি তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, হাতে রয়েছে আনুমানিক সাড়ে ছয় মাস। তাই এই সীমিত সময়কে সর্বোচ্চভাবে কাজে লাগানোর পরিকল্পনাই নিয়েছেন দীপিকা।



জানা গেছে, আসছে অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের জন্য খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন তিনি। সেখানে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে একটি জমকালো গানের দৃশ্যের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শুটিংও করবেন তিনি। এর আগেও ২০২৪ সালে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেইন’ ছবির অ্যাকশন দৃশ্যে অংশ নিয়ে পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন দীপিকা। ফলে এবারও তাঁর কর্মস্পৃহা নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

দক্ষিণ আফ্রিকার শুটিং শেষ করে দেশে ফিরেই মুম্বাইয়ে শুরু করবেন আরেকটি বড় প্রজেক্টের কাজ। সেই সিনেমার নাম ‘রাকা’। এটি নির্মাণ করছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন ‘পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুন। জানা গেছে, এই সিনেমার জন্য টানা ৫০ থেকে ৬০ দিন শিডিউল দিয়েছেন দীপিকা। এই দুই বড় বাজেটের সিনেমার পাশাপাশি রয়েছে একাধিক বিজ্ঞাপনচিত্রের কাজ।

সব মিলিয়ে বলা যায়, দ্বিতীয় সন্তানের জন্মের আগে নিজের হাতে থাকা প্রায় ১৮০ দিনকে একেবারে নিখুঁতভাবে কাজে লাগাতে চাইছেন তিনি। সন্তান জন্মের পর কিছুদিনের বিরতি নেওয়ার পরিকল্পনা থাকায়, তার আগেই সব প্রতিশ্রুতিবদ্ধ কাজ শেষ করে ফেলাই তাঁর লক্ষ্য।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নিজের নির্ধারিত দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত এই ব্যস্ত সময়সূচির মধ্যে কতটা বজায় রাখতে পারবেন দীপিকা পাড়ুকোন? এই প্রশ্নের উত্তর আপাতত সময়ই দেবে।

পিআর/টিকে

মন্তব্য করুন