© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিখোঁজের পর প্রথমবার মুখ খুললেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়

শেয়ার করুন:
নিখোঁজের পর প্রথমবার মুখ খুললেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
কলকাতার টলিপাড়ায় গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায়। ২ এপ্রিল আচমকাই তাঁর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয় তীব্র চাঞ্চল্য। প্রায় ২৬ দিন পর অবশেষে দিল্লি থেকে মুখ খুললেন তিনি এবং জানালেন, তিনি বর্তমানে সুস্থ আছেন ও স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন।

পরিচালক জানান, এই মুহূর্তে তাঁরা দিল্লিতেই অবস্থান করছেন এবং কিছুদিন সেখানে থেকেই নিজেদের ব্যক্তিগত সময় কাটাতে চান। উৎসবের কথায়, এই কয়েক দিনে তাঁর স্ত্রী মৌপিয়ার উপর যে মানসিক চাপ গেছে, তা সত্যিই অকল্পনীয়। তাই আপাতত তিনি কোনো ব্যাখ্যা দিতে চান না এবং নিজেকে কিছুটা সময় দিয়ে স্থির হতে চান বলে জানান।



তিনি আরও বলেন, খুব শিগগিরই কলকাতায় ফিরে এসে পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেবেন। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন, সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি।

অন্যদিকে, উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, তাঁরা বর্তমানে দিল্লির একটি হোটেলে আছেন এবং কিছুদিন সেখানেই থাকবেন। তাঁর কথায়, এই সময়টা নিজেদের একান্তে কাটাতে চান তাঁরা। একই সঙ্গে তিনি জানান, ব্যক্তিগত ও মানসিকভাবে কিছুটা স্থিতি ফিরে পেতে সময় প্রয়োজন।

এর আগে রবিবার পর্যন্ত উৎসবের অবস্থান নিয়ে নানা ধরনের জল্পনা চলছিল। এক পর্যায়ে জানা গিয়েছিল, তিনি কোনো পরিচিতের বাড়িতে ছিলেন। তবে পরবর্তীতে সেই তথ্য অস্বীকার করে জানানো হয়, তাঁরা হোটেলে অবস্থান করছেন।

সব মিলিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর পরিচালকের উপস্থিতি নিশ্চিত হলেও, তাঁর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এখনো অজানাই রয়ে গেছে। কলকাতায় ফিরে এলে পুরো ঘটনার পর্দা উঠবে বলে আশা করা হচ্ছে।

পিআর/টিকে

মন্তব্য করুন