তিন দশক পর আবারও একসঙ্গে টাবু–নাগার্জুনা
ছবি: সংগৃহীত
০৬:৩০ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
প্রায় তিন দশক পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন টাবু ও নাগার্জুনা আক্কিনেনি। অভিনেতা নাগার্জুনার ১০০তম চলচ্চিত্র ‘কিং ১০০’-কে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
২৭ এপ্রিল টাবু ছবিটির সেট থেকে ক্ল্যাপবোর্ডের একটি ছবি শেয়ার করে লেখেন, “এবং আমরা শুরু করছি #King100,” যা তার শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করে।

দীর্ঘ বিরতির পর আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়াকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। শেষবার তারা একসঙ্গে কাজ করেছিলেন ১৯৯৮ সালের তেলেগু ছবি ‘আভিদা মা আভিদে’-তে। এরও আগে ১৯৯৬ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘নিন্নে পেল্লাদাতা’-তে তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
নতুন এই প্রজেক্টে টাবুর যোগদানের পর ছবিটি আরও বেশি আলোচনায় এসেছে। জানা গেছে, তিনি ইতোমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন।
সাক্ষাৎকারে নাগার্জুনা বলেন, টাবুর সঙ্গে তার সম্পর্ক বহু পুরোনো এবং ক্যারিয়ারের শুরুর দিক থেকেই তারা একে অপরকে চেনেন। তিনি আরও জানান, টাবু নিজেই এই মাইলফলক ছবির অংশ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
সব মিলিয়ে ‘কিং ১০০’ এখন শুধু নাগার্জুনার শততম ছবি নয়, বরং এক নস্টালজিক পুনর্মিলনের কারণেও দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এসএন