টালিউডে একাধিক নতুন নিয়ম চালু করছে ইমপা ও আর্টিস্ট ফোরাম
ছবি: সংগৃহীত
০৭:২৬ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর প্রায় এক মাস পর শুটিংয়ে নিরাপত্তা ইস্যুতে নতুন সিদ্ধান্তে পৌঁছালো ইমপা ও আর্টিস্ট ফোরাম। অনুষ্ঠিত বৈঠকে টালিউডে একাধিক নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে দুটি সংগঠন।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) ইমপা ও আর্টিস্ট ফোরামের বৈঠকে শুটিংয়ের নিরাপত্তা ইস্যুতে একাধিক নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে ইমপা ও আর্টিস্ট ফোরামের তরফে যৌথভাবে জানানো হয়, বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। যার মধ্যে অন্যতম প্রতিটি সিনেমার সঙ্গে যুক্তদের জন্য বীমার ব্যবস্থা করা হবে।
টালিউডে নতুন নিয়ম অনুযায়ী, বীমার অর্থের সবটাই নির্ভর করবে সিনেমার বাজেটের ওপর। একই বৈঠকে আলোচনা হয়েছে শুটিং সেটের আচরণবিধি নিয়ে। শুটিং চলাকালীন মদ্যপান ও ধূমপান নিষিদ্ধের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বেশ কিছু নতুন নিয়ম চালুর সিদ্ধান্তও নেয়া হয়েছে।
বৈঠকে আর্টিস্ট ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনে করেন, আলোচনায় বসেই সব সমস্যার সমাধান সম্ভব। তিনি জানান, অভিনয়শিল্পী ও প্রযোজকরা একজোট হয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। শিগগিরই সব সিদ্ধান্ত প্রকাশ্যে আনা হবে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার অকাল মৃত্যুর পর শুটিং সেটের নিরাপত্তা ইস্যু নিয়ে সোচ্চার হন টালিউডের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।
এসএন