বিজয়ের রাজনীতি নিয়ে নীরব মাম্মুট্টি
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ দেখালেন মালায়ালম সুপারস্টার মাম্মুট্টি। এর আগে একই ইস্যুতে নীরব ছিলেন কমল হাসানও।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে ‘তামিলাগা ভেত্রি কাঝাগম’ (টিভিকে) দলের মাধ্যমে রাজনীতিতে নামেন বিজয়। নির্বাচনের ফল ঘোষণার আগে ৪ মে’র প্রেক্ষাপটে তিনি তিরুচেন্দুর মুরুগান মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন।
এদিকে নিজের নতুন সিনেমাটি ‘প্যাট্রিয়ট’-এর প্রচারণায় চেন্নাইয়ে ছিলেন মাম্মুট্টি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে চেন্নাই বিমানবন্দরে তাকে দেখে সাংবাদিকরা বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে প্রশ্ন করেন। প্রথমে প্রশ্নটি আবার বলতে বলেন তিনি। এরপর হাসিমুখে সংক্ষেপে জবাব দেন, “ওন্নুমে তেরিয়াথা” (আমি কিছুই জানি না)। সাংবাদিকরা বারবার জানতে চাইলেও একই উত্তরই পুনরাবৃত্তি করেন তিনি।
এর আগে মার্চে নির্বাচনের আগে বিজয় পেরাম্বুর আসন থেকে প্রার্থী হতে পারেন এমন প্রশ্ন করা হলে কমল হাসানও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি কেন চিন্তা করব? আমার নিজের কাজ আছে। পাশাপাশি তিনি জানান, নির্বাচন শেষ হওয়ার পরই তার নতুন ছবির শুটিং শুরু হবে। রাজনৈতিক কাজের পাশাপাশি অভিনয়ের কাজও চালিয়ে যেতে হবে তাকে। তিনি তার আসন্ন সিনেমা ‘কেএইচআরকে’-এর কথাও উল্লেখ করেন, যেখানে অভিনয় করবেন রজনীকান্ত এবং পরিচালক নেলসন দিলীপ কুমার।

অন্যদিকে, বিজয় ২০২৪ সালে রাজনীতিতে নামার ঘোষণা দিলে তাকে অভিনন্দন জানান রজনীকান্ত। তবে সম্প্রতি ‘জনা নায়াগন’ সিনেমার মুক্তি বিলম্বিত হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। পরে সিনেমাটি এইচডি প্রিন্টে অনলাইনে ফাঁস হলে তিনি এর নিন্দা জানান।
এর আগে টিভিকের সাধারণ সম্পাদক আধাভ অর্জুনা অভিযোগ করেছিলেন, ডিএমকে পরিবার রজনীকান্তকে রাজনীতিতে আসা থেকে বিরত রাখতে হুমকি দিয়েছিল। তিনি বলেন, “ডিএমকে পরিবার মিস্টার রজনীকান্তকে হুমকি দিয়েছিল এবং তাকে রাজনীতিতে আসা থেকে বিরত রেখেছে।” যদিও ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে রাজনীতিতে আসার পরিকল্পনা বাতিল করেন রজনীকান্ত। এ অভিযোগের জবাবে তিনি এক বিবৃতিতে লিখেছিলেন, “সময় কথা বলে না, তবে অপেক্ষা করে এবং উত্তর দেয়।”
প্রথমবারের মতো নিজের দল টিভিকের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন বিজয়। আগামী ৪ মে ফল ঘোষণা করা হবে। তার শেষ সিনেমা, এইচ ভিনোথ পরিচালিত ‘জনা নায়াগন’, জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) অনুমোদনে দেরির কারণে মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে।
এসএন