© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেডারেশন কাপ৭ বছর পর গ্রুপ পর্ব থেকে আবাহনীর বিদায়

শেয়ার করুন:
৭ বছর পর গ্রুপ পর্ব থেকে আবাহনীর বিদায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
বৃষ্টিসিক্ত মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেও জয় পেল না আবাহনী লিমিটেড। শেখ মোরছালিন, আসাদুল ইসলাম ও সুলেমান দিয়াবাতের কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত মোহাম্মদ আবদুল্লাহর একমাত্র গোলে পিডব্লিউডির কাছে হারতে হয়েছে তাদের।

এই হারে ফেডারেশন কাপ থেকে বিদায় ঘণ্টাও বেজেছে আবাহনীর।

২০১৮-২০১৯ মৌসুমের পর এবারই প্রথম গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি।

আজ (২৮ এপ্রিল) বসুন্ধরা কিংস অ্যারেনায় এই গ্রুপ থেকে ১০ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পিডাব্লিউডির আশা এখনও বেঁচে আছে। তাদের পরবর্তী পর্বে ওঠা নির্ভর করছে রহমতগঞ্জ ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের ম্যাচের ফলের ওপর।

অন্যদিকে, বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী চার ম্যাচে একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে গ্রুপ পর্ব শেষ করেছে।

যদিও আজ (২৮ এপ্রিল) বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আবাহনী। ১০ মিনিটে মিডফিল্ডার কাজেম শাহর বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রুখে দেন পিডব্লিউডির গোলকিপার সারোয়ার জাহান।

২২ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন আল আমিন।




সতীর্থের পাস ধরে বক্সে একা গোলকিপারকে পেলেও তার দুর্বল চিপ শট পোস্ট ছেড়ে বেরিয়ে এসে স্লাইড করে ঠেকান সারোয়ার।

৩০ মিনিটে বক্সের ভেতর থেকে শেখ মোরছালিনের ডান পায়ের শট ঝাঁপিয়ে পড়ে আবারো প্রতিহত করেন সারোয়ার। হতাশ হয় আবাহনী।

দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় আবাহনী। ৬৫ মিনিটে আলি উজাইরের পাস থেকে ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরাকে কাটিয়ে বাইলাইনের ওপর থেকে আবু সাঈদ কাটব্যাক করেন।

বক্সের ভেতর থেকে নিখুঁত প্লেসিং শটে গোলকিপারের পায়ের ফাঁক গলে বল জালে জড়ান এক সময় জাতীয় দলে খেলা আবদুল্লাহ।

ম্যাচের যোগ করা সময়ের শুরুতে দিয়াবাতের শট ব্লক হয়। এরপর মালির এই ফরোয়ার্ডের হেড পোস্টের বাইরে চলে গেলে বাজে শেষ বাঁশি।

এর সঙ্গে সঙ্গেই প্রতিযোগিতার রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন আবাহনীকে গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়।

এদিকে, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ। এতে পিডব্লিউডির স্বপ্ন ভেঙে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে উঠেছে রহমতগঞ্জ।

টিজে/টিএ

মন্তব্য করুন