সিনেমা মুক্তির আগেই ক্ষুব্ধ রোশান, নীরব বুবলী
ছবি: সংগৃহীত
০১:২৩ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
ঢালিউডের নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমা নিয়ে অভিযোগ তুলেছেন নায়ক জিয়াউল রোশান। সিনেমাটির পারিশ্রমিক ইস্যু নিয়ে বিতর্ক উঠেছে। এতে সিনেমার নায়ক ক্ষোভ প্রকাশ করলেও নীরব রয়েছেন নায়িকা শবনম বুবলী।
লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমায় তুলে ধরা হয়েছে লাঠিয়ালদের জীবন সংগ্রামের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, এটি তার প্রথম চলচ্চিত্র। তবে নির্মাতার প্রথম সিনেমাতেই অভিনয়শিল্পীদের পারিশ্রমিক জটিলতা দেখা দিয়েছে।
মুক্তির অপেক্ষায় থাকা ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন চিত্রনায়ক রোশান। সিনেবোদ্ধারা বলছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে। ভক্তরা বলেছেন, ভালো গল্প আর নির্মাতার হাতে পড়লে রোশানও দারুণভাবে নিজেকে মেলে ধরতে পারবেন।
সিনেমায় চিত্রনায়িকা বুবলীর উপস্থিতিও মুগ্ধ করেছে ভক্তদের। সম্প্রতি এ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। সিনেমা মুক্তির ঘোষণার পর শুরু হয় প্রচারণা। তবে কয়েক দিন পেরিয়ে গেলেও ছবির নায়ক-নায়িকা কিংবা পরিচালককে প্রচারণায় দেখা যায়নি!

ঢালিউডের এই জুটির নীরবতার কারণ হিসেবে সামনে এসেছে আর্থিক বিরোধ। সম্মানী পরিশোধ না করেই ছবিটি মুক্তির প্রস্তুতি নেয়া হয়েছে- এমন অভিযোগ তুলেছেন ছবির নায়ক জিয়াউল রোশান, তবে নীরব রয়েছেন ছবির নায়িকা বুবলী। ফলে মুক্তির আগেই ছবিটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এ প্রসঙ্গে রোশান জানান, ছবিতে অভিনয়ের জন্য তিনি ৮ লাখ টাকা সম্মানীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। চুক্তি অনুযায়ী, ডাবিংয়ের আগেই পুরো অর্থ পরিশোধ হওয়ার কথা থাকলেও তা হয়নি। নায়কের ভাষায়,
সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পাওয়ার পরও তার বকেয়া সম্মানী দেয়া হয়নি। এর মধ্যে হঠাৎ সিনেমার ট্রেলার প্রকাশ অপেশাদার আচরণ।
প্রযোজক সূত্রে জানা যায়, সরকারের কাছ থেকে ৬০ লাখ টাকা অনুদান পেলেও ছবিটির মোট ব্যয় হয় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। গেল বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নায়িকার কিছু বকেয়া সম্মানী পরিশোধ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে সেই বকেয়া পরিশোধ করা হয়।
এমন পরিস্থিতিতে সিনেমার প্রযোজক মীর জাহিদ হাসান বিতর্কিত পারিশ্রমিক ইস্যুর দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
'সর্দার বাড়ির খেলা' সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারী অনুদান পায়। পরে প্রিভিউ কমিটিতে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয় 'সর্দার বাড়ির খেলা'।
সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। এ দুই তারকা ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকেরের মতো গুণী শিল্পীরা। আগামী ৮ মে মুক্তি পাবে 'সর্দার বাড়ির খেলা'।
এমআই/টিএ