© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজস্থানের বিপক্ষে ২০০ রান করেও সর্বোচ্চ হারের রেকর্ড পাঞ্জাবের

শেয়ার করুন:
রাজস্থানের বিপক্ষে ২০০ রান করেও সর্বোচ্চ হারের রেকর্ড পাঞ্জাবের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৪ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
আইপিএলে চলছে রাজত্ব কেড়ে নেওয়ার খেলা, একদিন এক ফ্র্যাঞ্চাইজির দাপট তো পরদিন তাদের ছাড়িয়ে যায় অন্য কেউ। নিজেদের সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় জিতে বিশ্বরেকর্ড গড়েছিল পাঞ্জাব কিংস। এবার ২২২ রানের পুঁজি নিয়েও তারা হারল রাজস্থান রয়্যালসের কাছে। এর মধ্য দিয়ে শ্রেয়াস আইয়ারের দলটি দুইশ বা তার বেশি রান করেও সর্বোচ্চবার হারের রেকর্ড গড়ল।

নিউ চন্ডিগড়ের মহারাজা যাদাভিন্দ্র সিং স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) রাতে মুখোমুখি হয়েছিল রাজস্থান-পাঞ্জাব। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২২ রান তোলে পাঞ্জাব। সেই লক্ষ্য তাড়ায় রাজস্থান ৪ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে। আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ বার দুইশ বা এর বেশি রান করেও হেরেছে পাঞ্জাব। একইভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭, চেন্নাই সুপার কিংস ৬ এবং কলকাতা নাইট রাইডার্সের ৫ বার হারের নজির রয়েছে।

এ ছাড়া চলতি আসরে প্রথম হারের স্বাদ পেল পাঞ্জাব। বাকি ৮ ম্যাচের মধ্যে একটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ছাড়া ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গত আইপিএলের রানার্সআপ দলটি। রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে পাঞ্জাবের শুরুটা যথারীতি ঝোড়োগতির ছিল। তবে ক্যামিও ইনিংস খেলে দ্রুতই ফিরেছেন ওপেনার প্রিয়াংশ আর্য (১১ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান)। এরপর কুপার কনলিকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার প্রভসিমরান সিং জুটি গড়েন। যদিও প্রভসিমরান কিছুটা ধীরগতিতে রান তুলছিলেন। ৪৪ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৫৯ রান।

তার আগে কনলি ১৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করে ফেরেন। আগের ম্যাচে পাঞ্জাবকে বিশ্বরেকর্ড গড়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানতাড়ায় জিতিয়েছিলেন অধিনায়ক শ্রেয়াস। এদিন সুবিধা করতে পারেননি। ২৭ বলে করেন ৩০ রান। তবে বড় সংগ্রহ এনে দেওয়া তান্ডব চালিয়েছেন মার্কাস স্টয়নিস। শেষ ৩ ওভারে তুলেছেন ৫৫ রান। আর নিজের ২২ বলে ৬২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কার সাহায্যে। ফলে ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২২২ রান। রাজস্থানের হয়ে যশ রাজ পুঞ্জ সর্বোচ্চ ২ এবং জোফ্রা আর্চার ও নান্দ্রে বার্গার একটি করে শিকার ধরেন।



লক্ষ্য তাড়ায় নেমে যেমন জুটি প্রয়োজন ছিল সেটাই গড়েছেন যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। বৈভব ফিরেছেন নিজের কাজটা করে।

আবারও আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দিনে ১৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় খেলেছেন ৪৩ রানের ইনিংস। তিনি ফেরার সময় রাজস্থান ৩.২ ওভারে ৫১ রান তুলেছিল। এরপর রানের গতি বাড়ানোয় মনোযোগ দেন জয়সওয়াল, বিদায়ের আগে ২৭ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান।

ধ্রুব জুরেল (২০) দ্রুত ফিরলেও রিয়ান পরাগ, দোনোভান পেরেইরা ও শুভাম দুবেরা রাজস্থানকে পথ হারাতে দেননি। বিশেষত জয় নিশ্চিতের পথে পেরেইরা ২৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ এবং দুবে ১২ বলে ৩১ রানের ঝোড়ো ক্যামিও খেলেছেন। ১৬ বলে ২৯ রান করেন পরাগ। পাঞ্জাবের পক্ষে ৩ উইকেট নেন যুজভেন্দ্র চাহাল।

৯ ম্যাচে ষষ্ঠ জয় নিশ্চিতের পর পয়েন্ট (১২) টেবিলের তিনে অবস্থান করছে রাজস্থান। এ ছাড়া এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব শীর্ষে এবং সমান ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে বেঙ্গালুরু দুইয়ে অবস্থান করছে।

এসকে/এসএন

মন্তব্য করুন