রাহুলের মৃত্যুর এক মাস পার, তদন্ত কতদূর ?
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
এক মাস কেটে গেলেও থামছে না প্রশ্ন, থিতু হয়নি আলোচনার ঝড়। গত ২৯ মার্চ দিঘার তালসারিতে শুটিং চলাকালীন আকস্মিকভাবে মৃত্যু হয় জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়- এর। মুহূর্তের সেই শোকের খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় পুরো বাংলা বিনোদন জগৎ। সহকর্মী থেকে শুরু করে দর্শক—সবাই যেন বিশ্বাস করতে পারেননি এই অকাল প্রয়াণ।
শুটিং চলছিল ম্যাজিক মোমেন্টস- এর ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র জন্য। সেখানেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পরই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে মৃত্যুর কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তবে সন্তোষজনক উত্তর না মেলায় বিষয়টি পৌঁছে যায় থানায়।
ঘটনার ছয় দিনের মাথায় রিজেন্ট পার্ক থানায় যান রাহুলের স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ, যাদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চিরঞ্জিত চক্রবর্তী। ওই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু হয় বলে জানা যায়।

এক মাস পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। প্রশাসনিক স্তরে যোগাযোগ করেও কার্যত কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে সূত্রের দাবি। এদিকে, তালসারি থানায় পৃথক অভিযোগও দায়ের করেছিলেন প্রিয়াঙ্কা, যেখানে একাধিক ধারায় মামলা রুজু করা হয়।
তদন্তের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কেউই প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে ইন্ডাস্ট্রির সংগঠনগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে, বিষয়টি বিচারাধীন থাকায় মন্তব্য করা সম্ভব নয়।
সব মিলিয়ে এক মাস পরেও রাহুলের মৃত্যু ঘিরে রহস্য ও প্রশ্নের ধোঁয়াশা কাটেনি। পরিবার, সহকর্মী এবং অনুরাগীদের অপেক্ষা এখন একটাই- সত্য সামনে আসবে কবে, সেই উত্তর।
এসএ/এসএন