© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু

শেয়ার করুন:
জামালপুরে বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
জামালপুরের ইসলামপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নদীতে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৫) ও রাস্তার কাজ করার সময় সাগর ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামে ও সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া একই এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং নিহত সাগর ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া গ্রামের মো. স্বাধীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে শামীম মিয়া নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশে থাকা অন্যান্য জেলেরা তার পরিবারকে খবর দেন। নিহত শামীম বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন।

এ ছাড়া, সকালে ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় একটি সড়কের নির্মাণকাজ করছিলেন সাগর ইসলাম। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে অন্য শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ স্থানে যান। কিন্তু সাগর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্যান্য শ্রমিকরা তার মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান।

আরআই/টিএ

মন্তব্য করুন