ঘরোয়া ক্রিকেটেও একই পজিশনে ব্যাট করবেন মোসাদ্দেক
ছবি: সংগৃহীত
০৮:২৮ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় দলে অনেক দিন খেলতে দেখা যায়নি মোসাদ্দেক হোসেনকে। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ও উইকেট পেয়েছেন এই অলরাউন্ডার। আসন্ন ঢাকা লিগে এবারও আবাহনীর হয়ে খেলবেন মোসাদ্দেক। এমনকি গতবারের মতো এবারও সামলাবেন অধিনায়কের দায়িত্ব।
আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘এর আগে যখন আমি আন্তর্জাতিকে খেলেছি, সাত আটের দিকে ব্যাটিং করেছি। তাই প্রিমিয়ার লিগেও আমি... মানে ঘরোয়া ক্রিকেটে ছয়-সাতে ব্যাটিং করার অভিজ্ঞতা আমার আছে। এবং সেই জায়গাটাতেই হয়তোবা বেশি সময় ব্যাটিং করা হয় টিমের চাহিদা অনুযায়ী।’

এবারের ব্যাটিং পজিশন নিয়ে তার কথা, ‘গত প্রিমিয়ার লিগেও ছয় নম্বরে ব্যাটিং করেছি আসলে। এই প্রিমিয়ার লিগেও হয়তোবা ওরকম পাঁচ-ছয়ের দিকেই ব্যাটিং করার প্ল্যান থাকবে। তাই সেই জায়গা থেকে টিমের চাহিদা থাকে এবং আসলে বর্তমানে জাতীয় দলের মানে যেই চাহিদা আছে আমি সেটা চেষ্টা করব প্রিমিয়ার লিগের মাধ্যমে সেই কাজটা করার।’
ভালো করলে জাতীয় দলে সুযোগ নিয়ে মোসাদ্দেক বলেন, ‘গত ঈদের আগে থেকে শুরু করে শেষ ক্যাম্প পর্যন্ত টিমের সাথেই ছিলাম, ক্যাম্প করছি। তাই ওই জায়গা থেকে একটা ইতিবাচক ব্যাপার তো অবশ্যই আছে। নিজের কাজটা হচ্ছে ভালো পারফরম্যান্স করা, ধারাবাহিকভাবে পারফরম্যান্স করা।’
তিনি যোগ করলেন, ‘বিসিবিরও ওই পরিকল্পনা করা আছে, যারা কিনা এই লিগে ভালো খেলবে তাদের জাতীয় দলে ফেরার একটা ভালো সুযোগ আছে। তাই সেই জায়গা থেকে যখন আমি টিমের জন্য ভালো খেলতে চাইব, একই সাথে ওই পারফরম্যান্সটা আমার নিজেরও হয়ে যাবে।’
আরআই/টিএ