© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম২ বার মওকুফ হবে হলুদ কার্ড

শেয়ার করুন:
২ বার মওকুফ হবে হলুদ কার্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে ফুটবলারদের অহেতুক নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে কার্ডের নিয়মে বড় ধরনের সংশোধনী এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

মঙ্গলবার ফিফা কাউন্সিলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে যাতে সেরা খেলোয়াড়দের পাওয়া যায়, সেজন্য দুইবার খেলোয়াড়দের হলুদ কার্ডের রেকর্ড মুছে ফেলা হবে।



নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের অর্জিত একক হলুদ কার্ডগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ, নকআউট পর্বের শুরুতে ফুটবলাররা একদম ফ্রেশ রেকর্ড নিয়ে মাঠে নামবেন।

এরপর দ্বিতীয় ধাপে কোয়ার্টার ফাইনাল শেষে আবারও এই রেকর্ড মুছে দেওয়া হবে। এর ফলে সেমিফাইনালে কেউ একটি হলুদ কার্ড পেলেও তাকে ফাইনাল মিস করার দুশ্চিন্তায় থাকতে হবে না।

গত বিশ্বকাপে শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল শেষে কার্ড বাতিলের নিয়ম ছিল। এবার দলসংখ্যা বেড়ে ৪৮ হওয়ায় এবং রাউন্ড-অব-৩২ নামক অতিরিক্ত নকআউট পর্ব যুক্ত হওয়ায় খেলোয়াড়দের সুরক্ষায় ফিফা এই উদ্যোগ নিয়েছে।

খেলোয়াড়দের কার্ডের ছাড় দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোর জন্য সুসংবাদ দিয়েছে ফিফা। এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের জন্য মোট ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে, যা গতবারের তুলনায় ১৫ শতাংশ বেশি। সেই হিসেবে প্রতিটি দল গড়ে ১৮ মিলিয়ন ডলারের বেশি অর্থ পাবে।

এছাড়া প্রস্তুতির জন্য প্রতিটি দলের বরাদ্দ ১.৫ মিলিয়ন থেকে বাড়িয়ে ২.৫ মিলিয়ন ডলার এবং কোয়ালিফিকেশন মানি ৯ মিলিয়ন থেকে বাড়িয়ে ১০ মিলিয়ন ডলার করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বসবে ফুটবল বিশ্বকাপের এই আসর।

আরআই/টিএ

মন্তব্য করুন