নতুন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক: ইসির নির্দেশনা
ছবি: সংগৃহীত
০৮:৪৯ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও জন্মতারিখ নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের জটিলতা নিরসনে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে শিক্ষিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার সনদ বা এসএসসি বা সমমান সার্টিফিকেট ডাটাবেজে স্ক্যান করে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। মূলত এনআইডি সংশোধনের সময় জন্মতারিখ নিয়ে তৈরি হওয়া অনভিপ্রেত পরিস্থিতি এবং তথ্য যাচাইয়ের জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসি সূত্রে জানা যায়, অনেক সময় আবেদনকারী শিক্ষিত হওয়া সত্ত্বেও নিবন্ধনের সময় তথ্য গোপন করেন অথবা সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় সনদ ডাটাবেজে যুক্ত করা হয় না। পরবর্তীতে যখন ওই ব্যক্তি এনআইডি সংশোধনের আবেদন করেন, তখন সঠিক তথ্য যাচাই করা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এই ধোঁয়াশা দূর করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধনকালেই মূল নথিভুক্তকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন থেকে এই পরিস্থিতি মোকাবিলায় তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে:
১. এসএসসি সনদ বাধ্যতামূলক: নিবন্ধনের সময় আবেদনকারী যদি মাধ্যমিক (এসএসসি) বা তার বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হন, তবে তার এসএসসি বা সমমানের সনদ (যেখানে জন্মতারিখ উল্লেখ থাকে) অবশ্যই ডাটাবেজে স্ক্যান করে আপলোড করতে হবে।
২. উচ্চশিক্ষিতদের ক্ষেত্রেও প্রযোজ্য: আবেদনকারী যদি উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রিধারীও হন, তবুও তার এনআইডি ডাটাবেজে এসএসসি বা সমমানের সনদ যুক্ত করা বাধ্যতামূলক। এর পাশাপাশি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের হার্ড কপি সংশ্লিষ্ট অফিসে সংরক্ষণ করতে হবে।
৩. তদারকি বৃদ্ধি: সিনিয়র জেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়মিত অফিস পরিদর্শন এবং নমুনাভিত্তিক তদারকির মাধ্যমে এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোটার নিবন্ধনের সময় ফরম-২, ফরম-৩, বিশেষ তথ্য ফরম (প্রযোজ্য ক্ষেত্রে), জন্ম সনদ, পাসপোর্ট এবং আবেদনকারীর স্বাক্ষরিত প্রুফ কপি সংযুক্ত করতে হয়। তবে জন্মতারিখ যাচাইয়ের ক্ষেত্রে এখন থেকে এসএসসি সনদকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় পুরোদমে চালু হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ১৬ বছর বয়সীদের ভোটার নিবন্ধনের ঘোষণাও দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন অনেক সহজ ও নির্ভুল হবে বলে আশা করছে কমিশন।
আইকে/টিএ