যুক্তরাষ্ট্রে নিহত লিমনের জানাজা আজ
ছবি: সংগৃহীত
০২:৪৬ এএম | ৩০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে বাদ জোহর দুপুর ২টায় এই জানাজা সম্পন্ন হবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বুধবার (২৯ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লিমনের মরদেহ বাংলাদেশে স্বজনদের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। লিমনের এই অকাল মৃত্যুতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, লিমনের সঙ্গে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত রবিবার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশবিশেষ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
ইউটি/টিএ