আলী জাফর বনাম মিশা, ৫০ লাখ জরিমানার রায় চ্যালেঞ্জে হাইকোর্টে গায়িকা
ছবি: সংগৃহীত
১২:৪৫ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
আলোচিত মানহানির মামলায় নতুন মোড়। ৫০ লাখ রুপি জরিমানার রায় মেনে না নিয়ে এবার হাইকোর্টে আপিল করেছেন পাকিস্তানি গায়িকা মিশা শাফি। মিশা শাফির বিরুদ্ধে গায়ক ও অভিনেতা আলী জাফরের দায়ের করা মানহানি মামলায় লাহোরের একটি আদালত রায় দেয় গায়িকাকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে। কারণ আদালতের মতে, তিনি আলি জাফরের বিরুদ্ধে যে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন, তা প্রমাণ করতে পারেননি। এই রায়ের বিরুদ্ধেই এখন হাইকোর্টে গেছেন মিশা শাফি। তার দাবি আদালত সঠিকভাবে সব বিষয় বিবেচনা করেনি।
লাহোর সেশনস কোর্টের দেয়া রায়ে আলি জাফরের পক্ষে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ ধার্য করা হয়েছিল, যা নিয়ে আপত্তি জানিয়ে লাহোর হাইকোর্টে আপিল করেছেন মিশা শাফি। তার পক্ষে আইনজীবী সাকিব জিলানি এই আপিল দায়ের করেন। ২০২৮ সালে মিশা শাফি আলি জাফরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরপরই আলি জাফর তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। দীর্ঘদিন ধরে এই দুই তারকার আইনি লড়াই পাকিস্তানের বিনোদন অঙ্গনে আলোচিত বিষয় হয়ে আছে।

সেশনস কোর্টের রায়ে বলা হয়েছিল, মিশা শাফি তার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তবে হাইকোর্টে করা আপিলে মিশার পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছে যদি তাকে অভিযোগ প্রমাণ করতে বলা হয়, তাহলে আলি জাফরেরও উচিত ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করা। আপিলে আরও বলা হয়, মামলার তথ্য-প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করেনি নিম্ন আদালত। ফলে ৫০ লাখ রুপির ক্ষতিপূরণ নির্ধারণের সিদ্ধান্তটি সঠিক ভিত্তির ওপর দাঁড়ায়নি বলে দাবি করা হয়েছে।
এছাড়া, মিশা শাফি আগে যৌন হয়রানির অভিযোগ নিয়ে প্রাদেশিক ওমবাডসম্যানের কাছেও গিয়েছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা আবেদন এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় মানহানির মামলা চূড়ান্ত হওয়া উচিত ছিল না বলেও আপিলে উল্লেখ করা হয়েছে। মিশা শাফির পক্ষ থেকে লাহোর হাইকোর্টের কাছে অনুরোধ করা হয়েছে, নিম্ন আদালতের দেয়া জরিমানার রায় বাতিল করে সেটিকে অবৈধ ঘোষণা করতে।
সূত্র: সামা টিভি
এসএ/এসএন