ফের একসঙ্গে পর্দায় সময় ও রণবীর, কিন্তু তাদের একসঙ্গে আনছেন কে?
ছবি: সংগৃহীত
০২:৪৩ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
কপিল শর্মার শো-তে এক অভাবনীয় চমক! 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' চরম বিতর্কের পর এই শো-এর সুবাদে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন কমেডিয়ান সময় রায়না এবং ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া! বিশ্ব হাসি দিবস (ওয়ার্ল্ড লাফটার ডে)-এর বিশেষ পর্বে এই দুই তারকা হাজির হচ্ছেন নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে।
বিতর্ক ভুলে এবার হাসির ফোয়ারা ছোটাতে তৈরি সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়া। সম্প্রতি নেটফ্লিক্স তাদের সোশ্যাল মিডিয়ায় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি নতুন প্রোমো শেয়ার করেছে, যা ইতিমধ্যেই ইন্টারনেটে ঝড় তুলেছে। ওয়ার্ল্ড লাফটার ডে উপলক্ষে আগামী ২ মে রাত ৮টায় নেটফ্লিক্সে সম্প্রচারিত হতে চলেছে এই বিশেষ পর্বটি।
শেয়ার করা শো- এর সেই ভিডিও ক্লিপে দেখা যায়, সময় রায়না দর্শকদের বলছেন, “আমি অবশেষে আমার প্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে আসছি, কিন্তু আমাকে জানানো হয়নি আমার সঙ্গে কোন অতিথি থাকবেন।” এরপরই যখন মঞ্চে রণবীর এলাহাবাদিয়া সেখানে প্রবেশ করেন, তখন সময়কে দৃশ্যত হতাশ হয়ে “ ওরে বাবা রে ” বলতে দেখা যায়। তাদের এই অম্লমধুর রসায়ন দর্শকদের দারুণ বিনোদন জোগাবে বলে মনে করা হচ্ছে।
এই বিশেষ পর্বটি নিয়ে উচ্ছ্বসিত কপিল শর্মা বলেন, “ওয়ার্ল্ড লাফটার ডে-র জন্য আমরা একটি বিশেষ পর্বের পরিকল্পনা করেছি। সময় এবং রণবীর এতে তাদের নিজস্ব স্টাইলে যোগ দিচ্ছেন, যা এই আয়োজনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলেই আমাদের বিশ্বাস।” এছাড়াও অর্চনা পূরণ সিং-এর ছেলে আয়ুষ্মান শেঠি জানিয়েছেন, তাঁর মায়ের মতে এটি শো- এর ইতিহাসে অন্যতম মজার একটি পর্ব হতে চলেছে। ভক্তরাও এই অপ্রত্যাশিত জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গত বছর ফেব্রুয়ারি মাসে 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শো-তে রণবীরের বাবা-মা এবং যৌনতা সংক্রান্ত কিছু মন্তব্য বড় ধরনের বিতর্কের জন্ম দেয়। তার জেরে সময়, রণবীর ও আরও কয়েকজনের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল। সময়কে তাঁর ইউটিউব চ্যানেল থেকে সমস্ত এপিসোড মুছে ফেলতে হয় এবং রণবীরের পডকাস্টের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়। তবে গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট রণবীরকে তাঁর পডকাস্ট পুনরায় শুরু করার অনুমতি দেয়।
সম্প্রতি সময়ের নতুন স্ট্যান্ড-আপ শো-তে তিনি জানান যে এই বিতর্কটি তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল। তবে সব তিক্ততা দূরে সরিয়ে এবার তাঁরা হাসির মাধ্যমে নতুন করে শুরু করছেন।
এসকে/এসএন