আমাকে ছাড়া তুমি এই সিনেমা বানাতে পারবে না: রিতেশকে সালমান
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের বীরত্বগাথা নিয়ে নির্মিত ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা ‘রাজা শিবাজি’ আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন রিতেশ দেশমুখ।
ছবিতে অন্যতম বড় চমক হিসেবে থাকছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিতেশ ফাঁস করেছেন, কীভাবে কোনো অনুরোধ ছাড়াই সালমান নিজে থেকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

রিতেশ জানান, তিনি প্রথম দিকে সালমানের কথা মাথায় রাখেননি। ইংরেজি নববর্ষের এক আড্ডায় সালমান যখন শুটিংয়ের খোঁজ নেন, তখন রিতেশ জানান যে চলতি মাসেই কাজ শুরু হচ্ছে। এরপরই সালমান সটান প্রশ্ন করেন, আমি কোন চরিত্রে অভিনয় করছি? রিতেশ অপ্রস্তুত হয়ে জানান যে তিনি এখনো এ বিষয়ে কিছু ভাবেননি। তখন সালমান অনেকটা অধিকারের সুরেই বলেন, না, না, না... আমাকে ছাড়া তুমি এই সিনেমা বানাতে পারবে না। আমাকে এতে থাকতেই হবে। সালমানের এই আন্তরিকতা এবং ভালোবাসায় রিতেশ রীতিমতো অভিভূত হয়ে পড়েন। এর আগে রিতেশের মারাঠি অভিষেক সিনেমা ‘লাই ভারি’ এবং পরিচালক হিসেবে প্রথম সিনেমা ‘ভেড’-এও সালমান গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন।
দীর্ঘ ১০ বছরের চড়াই-উতরাই পেরিয়ে পর্দায় আসছে ‘রাজা শিবাজি’। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রিতেশ আবেগাপ্লুত হয়ে বলেন, ২০১৬ সাল থেকেই তিনি এই সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন। কিন্তু নানা প্রতিকূলতা এবং করোনার কারণে বারবার পরিকল্পনা পিছিয়ে যায়। তার ভাষায়, শিবাজী মহারাজ যেন তাকে বলছিলেন যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।
সিনেমাটিতে রিতেশ ও সালমান ছাড়াও অভিষেক বচ্চন, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত এবং বোমান ইরানির মতো তারকারা অভিনয় করেছেন। এ ছাড়া এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটছে রিতেশের ১০ বছর বয়সী ছেলে রাহিলের। জিও স্টুডিওর নিবেদনে মুম্বাই ফিল্ম কোম্পানির ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে এবং জেনেলিয়া দেশমুখ।
আরআই/টিএ