© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ এক দশক পর নির্মাণে ফিরছেন ওয়াহিদ আনাম

শেয়ার করুন:
দীর্ঘ এক দশক পর নির্মাণে ফিরছেন ওয়াহিদ আনাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ এএম | ০১ মে, ২০২৬
টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় পরিচালক ওয়াহিদ আনাম আবার ফিরছেন পরিচালকের আসনে। এক দশকের বেশি সময় পর দেখা যাবে তাঁর নতুন কাজ। এবার নাটক নয়, ওয়াহিদ আনাম বানাচ্ছেন ওয়েব ফিল্ম। ‘তাজমহল’ নামের এ ওয়েব ফিল্ম নির্মাণের জন্য সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

পরিচালক জানিয়েছেন, তাজমহলের শুটিং শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। কোরবানির ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হচ্ছে ওয়েব ফিল্মটি। সিলেট সীমান্তবর্তী এলাকার গল্প। তাই শুটিং হবে ওই এলাকায়। এতে কারা অভিনয় করবেন, তা এখনই প্রকাশ করতে চাইলেন না ওয়াহিদ আনাম। শুধু বললেন, ‘কাস্টিংয়ে সারপ্রাইজ থাকবে।’ জানালেন, শিগগিরই বঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম।



একসময় টিভি নাটকে নিয়মিত কাজ করেছেন ওয়াহিদ আনাম। বানিয়েছেন বেশ কিছু আলোচিত টিভি নাটক ও টেলিফিল্ম। তাঁর বেশির ভাগ কাজে উঠে এসেছে গ্রাম-মফস্বলের প্রেম-সংসার-স্বপ্ন, নারীর সংগ্রাম আর প্রতারণার গল্প। সমুদ্রপথে আদম পাচার নিয়ে তাঁর নির্মিত ‘পাড়ি’, সমুদ্রপথে দুই বন্ধুর দূরে মালপত্র পৌঁছে দেওয়ার যাত্রা নিয়ে তৈরি ‘ছিন্ন’ এবং নারী ও শিশুদের বিদেশে পাচারের গল্প নিয়ে বানানো ‘চক্র’ টেলিফিল্মগুলো বেশ আলোচিত হয়েছিল একসময়। ২০১৫ সালে প্রচারিত চক্র টেলিফিল্ম ছিল ওয়াহিদ আনামের সবশেষ নির্মাণ।

পরিচালনা থেকে দীর্ঘ বিরতির কারণ জানিয়ে ওয়াহিদ আনাম বলেন, ‘মাঝে বেশ কিছু বছর ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। বরিশালেই থাকতাম বেশির ভাগ সময়। পরিচালনার কাজে অনেক সময় দিতে হয়, একসঙ্গে একাধিক কাজ করা যায় না। ব্যবসা-বাণিজ্য গুছিয়ে আনতে কিছুটা সময় লেগে গেল। অবশেষে আবার ফিরে এলাম নির্মাণে। তাজমহল ওয়েব ফিল্মটি পিওর রোমান্টিক গল্প। সিলেটের বর্ডারে শুটিং করার পরিকল্পনা করছি।’

এসএ/এসএন

মন্তব্য করুন