© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পার্টির পর ব্রিটিশ মডেল হত্যার নতুন মোড়

শেয়ার করুন:
পার্টির পর ব্রিটিশ মডেল হত্যার নতুন মোড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ এএম | ০১ মে, ২০২৬
হ্যালোইন পার্টি শেষে ফেরার পথে নৃশংসভাবে খুন হন ব্রিটিশ মডেল লুক হার্ডেন। আদালতে এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে একাধিক নতুন তথ্য।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ৩৬ বছর বয়সি এ পুরুষ মডেল হত্যাকাণ্ডের ২ দিন পরই ২৬ বছর বয়সি ভেকি সানি মাতাবিসওয়ানা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে গত বছরের ১ নভেম্বর ভোরে। হামলাটি এতই আকস্মিক ছিল যে মডেল হার্ডেন নিজেকে বাঁচানোর কোনো সুযোগ পাননি।



বর্তমানে প্রিস্টন ক্রাউন কোর্টে বিচারকার্য শুরু হয়েছে হত্যাকাণ্ডের। সেখানেই বেরিয়ে আসে একাধিক নতুন তথ্য। আদালত সূত্রে জানা যায়, ভেকি ও হার্ডেন পূর্ব পরিচিত নন। ঘটনার রাতে তারা দু’জনই স্ট্যাকস্টেডসের ‘রোজমাউন্ট ওয়ার্কিং মেনস ক্লাব’-এ একটি হ্যালোইন পার্টিতে উপস্থিত ছিলেন।

সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, পার্টির পর রাতে মাতাল অবস্থায় ক্লাব থেকে বের হন হার্ডেন। রাত ১২টার কিছু আগে নিউচার্চ রোডে তার সঙ্গে ভেকি ও তার বান্ধবীর দেখা হয়। তারাও মাতাল ছিলেন। সিসিটিভি ফুটেজে ভেকির বান্ধবীর সঙ্গে হার্ডেনের স্বল্প সময়ের জন্য সৌজন্যমূলক আলাপ দেখা যায়। এর কিছুক্ষণ পরই কোনো উসকানি ছাড়াই ভেকি হার্ডেনের ওপর ঝাঁপিয়ে পড়েন। মাটিতে ফেলে মাথায় সজোরে লাথি মারেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আঘাত গুরুতর হওয়ায় জরুরি সেবা সংস্থাকে ফোন করতে পারেননি হার্ডেন। তার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন।
প্যাথলজিস্টের রিপোর্টে বলছে, হার্ডেন মাথায় এবং মুখে গুরুতর আঘাত পেয়েছিলেন। এতে তার মাথার খুলিতে ফাটল ধরে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়।

হত্যাকাণ্ড প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিকোলাস রোডস কেসি বলেন,

‘হার্ডেনকে প্রায় এক মিনিটের মধ্যে হত্যা করা হয়। ভেকি তাকে পিটিয়ে হত্যা করে। সম্ভবত সে তার বান্ধবীর সঙ্গে হার্ডেনকে কথা বলতে দেখেছিল।
হত্যাকাণ্ডের পর ভেকি একাধিকবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। তবে সম্প্রতি ম্যানচেস্টার বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। যদিও নিজের ওপর আরোপিত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন ভেকি।’

বর্তমানে এ হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ চলমান রয়েছে। 

এসএ/এসএন

মন্তব্য করুন