তুই ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না: অপূর্ব
ছবি: সংগৃহীত
১২:১৯ পিএম | ০১ মে, ২০২৬
২০১৭ সালে এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছিল টেলিফিল্ম ‘বড় ছেলে’। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সেই টেলিফিল্মে দেশজুড়ে ব্যাপক প্রশংসায় ভাসেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ সময় পর সেই ‘বড় ছেলে’-কে মনে করিয়ে দিল বর্তমান সময়ের আলোচিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন ও ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রচার হওয়া এই নাটকটি এখন প্রায় শেষের পথে। সমাপনী লগ্নে এসে ধারাবাহিকটি যেমন দর্শকদের আবেগপ্রবণ করছে, তেমনি অন্যান্য শিল্পীরাও প্রশংসায় ভাসাচ্ছেন পুরো টিমকে।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচার করা হয়। আর মাত্র দুটি পর্ব পরই আসবে এর মহা অন্তিম পর্ব। বিশেষ করে ৪৯তম পর্বটি এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে। এই পর্বটি দেখে সামাজিক মাধ্যমে অঝোরে কাঁদার কথা জানিয়েছেন দর্শকরা। পরের পর্বটিও একইভাবে দর্শক হৃদয়ে নাড়া দিয়েছে।

নাটকের এমন সাফল্যে পর্দার সামনের ও পেছনের কারিগররা এখন ভাসছেন শুভকামনায়। বিশেষভাবে আলোচনায় এসেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং ‘ফাহাদ’ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।
সামাজিক মাধ্যমে ইরফানের অভিনয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নেটিজেনরা নাটকের আবেগঘন মুহূর্তগুলো শেয়ার করে ইরফানের সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন। এমন সময়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত হলেন ইরফান সাজ্জাদ। বড় ছেলের সেই স্মৃতি মনে করে কৃতজ্ঞতা জানালেন এই অগ্রজ অভিনেতার প্রতি।
বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে নাটকের কিছু দৃশ্য শেয়ার করে ইরফান লেখেন, সর্বশেষ মানুষ এভাবে কেঁদেছিল বড় ছেলে’ দেখে। সেই ‘বড় ছেলে’ অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলেন- ‘তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না, খুবই ভালো করেছিস। এরকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে’! আরও কত গুরুত্বপূর্ণ কথা! ভাইয়া, আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই প্রশংসা আমার কাছে কতটা অমূল্য! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো অনেক বড় প্রাপ্তি।
অভিনেতা আরও যোগ করেন, অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়। এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এক পোস্টে লিখেছেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়া, ইতিহাস গড়ার জন্য অভিনন্দন। এর অনেকটা কৃতিত্ব ‘এটা আমাদেরই গল্প’ টিমের। গত পর্বটি দর্শকদের মনে এক অনন্য প্রভাব ফেলেছে। এই ভালোবাসা অকৃত্রিম, যা দীর্ঘস্থায়ী হতে চলেছে।’ মেহজাবীনের সেই মন্তব্যে পাল্টা ভালোবাসা জানিয়েছেন ইরফান সাজ্জাদও।
পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ অনেকে। নির্মাতা রাজ জানিয়েছেন, দর্শকদের অনুরোধে ৫২ পর্বের এই ধারাবাহিকটির শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে। গত বছরের ৫ নভেম্বর শুরু হওয়া এই নাটকটি চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
এসএ/এসএন