© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সঞ্জয়ের ৩০ হাজার কোটি সম্পত্তি সুরক্ষায় দিল্লি হাইকোর্টের নির্দেশ

শেয়ার করুন:
সঞ্জয়ের ৩০ হাজার কোটি সম্পত্তি সুরক্ষায় দিল্লি হাইকোর্টের নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ০১ মে, ২০২৬
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি সম্পত্তি সুরক্ষার নির্দেশ দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশে সঞ্জয় কাপুরের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজসহ সম্পত্তির ওপর অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান কিয়ান রাজ ও সামাইরা কাপুর আদালতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেন। এ আবেদন আমলে নিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিনেত্রীর দুই সন্তানের পক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রয়াতের ব্যাংক ফ্রিজের নির্দেশ দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিং।

পাশাপাশি প্রয়াতের দ্বিতীয় স্ত্রী কারিশমা ও তৃতীয় স্ত্রী প্রিয়া কাপুরের চলমান মামলার জেরে যেন সঞ্জয়ের কোনো সম্পত্তি নষ্ট না হয়, উত্তরাধিকারীদের এ বৈধ উদ্বেগও খতিয়ে দেখছে আদালত। আদালতের এ নির্দেশে স্বস্তিতে কারিশমার দুই সন্তান কিয়ান রাজ ও সামাইরা কাপুর।
গত বছর লন্ডনে সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর প্রয়াতের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে প্রিয়া এবং সামাইরা-কিয়ানের মধ্যে বিবাদ শুরু হয়। সামাইরা ও কিয়ানের দাবি, সঞ্জয়ের একটি জাল উইল তৈরি করেছেন প্রিয়া।



শুধু তা-ই নয়, প্রিয়া আদালতের কাছে সঞ্জয়ের সম্পত্তির সম্পূর্ণ হিসাব জমা দেননি বলেও অভিযোগ তুলেছেন কারিশমার দুই সন্তান। তাদের বক্তব্য, সম্পত্তির যে হিসাব প্রিয়া দিয়েছেন, সে তালিকা থেকে সঞ্জয়ের অনেক স্থাবর সম্পত্তি বাদ দেয়া হয়েছে।

এ অভিযোগের প্রেক্ষিতে আদালত সাফ জানিয়েছে, সঞ্জয়ের বিশাল সম্পত্তি সংরক্ষণ করা প্রয়োজন এবং তা কোনও ভাবেই নষ্ট বা হাতবদল করা যাবে না। কারিশমার দুই সন্তানকে এ সম্পত্তি থেকে বঞ্চিত করা হলে তা ‘অবিচার’ হবে, এমন কারণ দেখিয়ে আদালত নির্দেশ দেন প্রিয়া প্রয়াতের কোনও সম্পত্তিও বিক্রি করতে পারবেন না।

প্রসঙ্গত, গত বছর ১২ জুন লন্ডনের মাঠে পোলো খেলার সময় মুখে মৌমাছি ঢুকে মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। ৫৩ বছর বয়সী সঞ্জয় কাপুরের মৃত্যু শুরুতে গলায় আটকে থাকা মৌমাছির কারণে হার্ট অ্যাটাক বা অ্যানাফিল্যাক্টিক শকের কথা বলা হলেও তার মা রানি কাপুর এ মৃত্যুর নেপথ্য কারণ হিসেবে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ ইঙ্গিত দেন। কিন্তু ব্রিটিশ মেডিকেল কর্তৃপক্ষ জানান, তারা সঞ্জয়ের মৃত্যুর নেপথ্যে অস্বাভাবিক কিছু পাননি।

এসএ/এসএন

মন্তব্য করুন