‘তুম্বড় ২’-তে ‘প্রিয়াঙ্কা, ক্যাটরিনা নাকি নয়নতারা?
ছবি: সংগৃহীত
০৫:০৩ পিএম | ০১ মে, ২০২৬
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুম্বড়’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য জায়গা করে নিয়েছিল। লোকগাথা ও অন্ধকার রহস্যময় কাহিনির মিশেলে তৈরি এই সিনেমা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে এক কাল্ট ক্লাসিক। বহু বছর ধরে দর্শকদের অপেক্ষা ছিল এর সিক্যুয়েল নিয়ে, আর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা গত মার্চ মাসে ঘোষণা করেন ‘তুম্বড় ২’।
নতুন এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আগ্রহ। তবে এবার সিক্যুয়েল নিয়ে সামনে এল আরও বড় চমক। শোনা যাচ্ছে, ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে বলিউডের প্রথম সারির কোনো অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা চলছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এই চরিত্রের জন্য একাধিক বড় নাম বিবেচনায় রয়েছে। তালিকায় উঠে এসেছে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা নয়নতারা। নির্মাতারা এমন একজন অভিনেত্রীকে খুঁজছেন, যাঁর উপস্থিতি গল্পের গভীরতা এবং রহস্যময় পরিবেশকে আরও শক্তিশালী করে তুলবে।
জানা গেছে, ‘তুম্বড় ২’-তেও প্রথম ছবির মতোই লোককথা ও অন্ধকার রহস্যের মিশেলে কাহিনি এগোবে। তবে এবার গল্পে থাকছে আরও বিস্তৃত পরিসর এবং জটিল আবহ, যা দর্শকদের নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড় করাবে।
মূল ছবির মতোই সিক্যুয়েলেও ভিজ্যুয়াল উপস্থাপনা এবং গল্প বলার ধরনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্মাতাদের লক্ষ্য, রহস্যের আবহকে আরও গভীর করে দর্শকদের এক অনন্য সিনেমাটিক জগতে নিয়ে যাওয়া।
অভিনেত্রী নির্বাচন চূড়ান্ত না হলেও ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, শেষ পর্যন্ত কে যুক্ত হন এই বহুল প্রতীক্ষিত প্রকল্পে।
পিআর/টিএ